প্রবৃদ্ধি গলফে টানা দ্বিতীয় শিরোপা রাজুর

প্রবৃদ্ধি গলফে টানা দ্বিতীয় শিরোপা রাজুর

ফন্ট সাইজ:

চার দিনব্যাপী ‘প্রবৃদ্ধি প্রোফেশনাল গলফ টুর্নামেন্ট’-এর শিরোপা উঠেছে রাজুর হাতে। টুর্নামেন্টে এটি তার টানা দ্বিতীয় শিরোপা। পারের চেয়ে ৯ শট কম (৯ আন্ডার পার ২৭৯) খেলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন তিনি। টুর্নামেন্টে ৭ আন্ডার পার ২৮১ স্কোর গড়ে রানারআপ বাদল হোসেন। এছাড়া ৩ আন্ডার পার ২৮৫ স্কোর নিয়ে তৃতীয় আকবর হোসেন। আসরের শুরুটা অবশ্য আশানুরূপ হয়নি রাজুর। প্রথম রাউন্ডে ৭৪ স্কোর করে পিছিয়ে পড়েন তিনি। দ্বিতীয় রাউন্ডে ৬৮ শট খেলে লড়াইয়ে ফেরেন। যদিও ৩৬ হোল শেষে ৭০ ও ৬৭ স্কোরে শীর্ষস্থান দখলে রেখেছিলেন আকবর হোসেন।

তবে টুর্নামেন্টের পুরো চিত্র বদলে যায় তৃতীয় দিনে। এদিন অবিশ্বাস্য নৈপুণ্য দেখিয়ে ৬৪ স্কোর করেন রাজু। যা ছিল পুরো আসরের সেরা রাউন্ড। এর ফলে ৫৪ হোল শেষে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৫ শটের বড় ব্যবধানে এগিয়ে যান তিনি। শেষ রাউন্ডে ৭৩ শট খেললেও তৃতীয় দিনের সেই বড় ব্যবধানের সুবাদে শেষ পর্যন্ত ২ শটে এগিয়ে থেকে শিরোপা নিশ্চিত করেন রাজু।

অন্যদিকে, চার রাউন্ড জুড়ে ধারাবাহিক ছিলেন রানারআপ বাদল হোসেন (৭২-৭০-৬৯-৭০)। শেষ দিনে ২ আন্ডার পারের ৭০ শট খেলে রাজুর ওপর চাপ তৈরি করলেও ব্যবধান ঘোচাতে পারেননি তিনি। টানা দ্বিতীয় শিরোপা জিতে উচ্ছ্বসিত মো. রাজু বলেন, ‘জিতে খুবই ভালো লাগছে। টানা দ্বিতীয় শিরোপা জিতে আমি যেন নিজেই চমকে গেছি। আমি এই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে চাই।’ আসরে ১ আন্ডার পার ২৮৭ স্কোর গড়ে যৌথভাবে চতুর্থ জামাল হোসেন ও মো. সম্রাট সিকদার। দেশের অন্যতম শীর্ষ গলফার সিদ্দিকুর রহমান ও মো. দুলাল হোসেন ইভেন পার ২৮৮ স্কোরে যৌথভাবে ষষ্ঠ স্থান দখল করেন। ২ ওভার পার ২৯০ স্কোরে অষ্টম মো. শাহজামাল।