পীরগঞ্জে বন বিভাগের ২ শতাধিক গাছ চুরি

পীরগঞ্জে বন বিভাগের ২ শতাধিক গাছ চুরি

ফন্ট সাইজ:

রংপুরের পীরগঞ্জ উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে বনবিভাগ কর্তৃক রোপণকৃত গাছের রক্ষণাবেক্ষণের অভাবে কমপক্ষে ২ শতাধিক গাছ চুরি গেছে। যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা। রংপুরের মিঠাপুকুর উপজেলা বন কর্মকর্তা মো. জোবায়েদ হাসান গত এক বছর ধরে পীরগঞ্জ উপজেলার বন কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। তিনি সপ্তাহে দুই দিন পীরগঞ্জে অফিস করলেও অফিসের কাজ সমাধান করেন। তবে স্টাফ ও মালি পদ শূন্য থাকায় ১৫টি ইউনিয়নে বনের গাছ তদারকি তার পক্ষে সম্ভব হয়ে উঠছে না।

তিনি জানান, এই উপজেলায় গড়ে ৭০ থেকে ৮০ সিডলিং কিলোমিটার জায়গায় বনজ বৃক্ষরোপণ করা হয়েছে। বিভিন্ন জাতের ২ কোটির অধিক গাছ রোপণ করা হয়েছে। ইতিমধ্যে অনেক গাছ কর্তনের মেয়াদ উত্তীর্ণ হয়েছে। গত ১ মাসের কম সময়ের ব্যবধানে ২ শতাধিক আকাশ মনি, ইউক্লিপটাস, মিনজির, সোনালি জাতের গাছ সংঘবদ্ধ চোর দল রাতে কেটে নিয়ে যায়। বিশেষ করে উপজেলার পত্নীচড়া গ্রামের পশ্চিম পাড়া বন, তাতারপুর গুচ্ছ গ্রামের বন, টুকুরিয়া ইউনিয়নের ড, ওয়াজেদ সেতুর করতোয়া নদীর পূর্বে দুই পাশে, মিঠিপুর ইউনিয়নের হাসানপুর বড় ঈদগাহ মাঠে নদীর দুই ধারে, একই ইউনিয়নের মাঝি পাড়া ব্রিজের দুই পাশে, একবারপুর গ্রামের দক্ষিণ পাশে বানার ঘাটে। সব মিলিয়ে ওই সব এলাকায় ২ শতাধিক দামি গাছ বিক্ষিপ্তভাবে কেটে নিয়েছে চোরের সংঘবদ্ধ দলটি। রংপুর বিভাগীয় বন কর্মকর্তা মো. নুরুল ইসলাম জানান, পীরগঞ্জে কয়েক বছর ধরে এ পদ গুলো শূন্য রয়েছে। জনবলের চাহিদা চেয়ে অনেক বার চিঠি দেয়া হয়েছে, কিন্তু এখনো পাইনি।