সিলেটে গ্রেপ্তার হওয়া কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক আলোচিত সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে মো. শাওন আমরান ও তার দুই ভাইসহ চারজনকে কড়া নিরাপত্তায় কক্সবাজারে আনা হয়েছে। বৃহস্পতিবার আদালতে হাজির করার পর তাদের টেকনাফ থানার দু’টি সহিংসতা ও নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে পুলিশের প্রিজন ভ্যানে করে তাদের কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
কারাগারে পাঠানো চারজন হলেন— আবদুর রহমান বদির ছেলে মো. শাওন আমরান (২৮), তার দুই ভাই আবদুস শুক্কুর ও আবদুর আমিন এবং টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হোসাইন আহমদ। এর আগে গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) জিন্দাবাজারের হোটেল গ্র্যান্ড প্যালেসে অভিযান চালায়। বুধবার ভোর ৫টার দিকে সেখান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) অহিদুর রহমান জানান, আসামিরা গ্রেপ্তার হওয়ার পর কক্সবাজার জেলা পুলিশের একটি বিশেষ দল সিলেটের উদ্দেশ্যে রওনা হয়। বুধবার বিকালে সিলেটে পৌঁছে আসামি হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করে রাতেই তাদের নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করে দলটি। তিনি জানান, বৃহস্পতিবার সকালে কক্সবাজার পৌঁছানোর পর চারজনকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হাসানের আদালতে হাজির করা হয়।
শুনানি শেষে আদালত তাদের দু’টি মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, আপাতত দু’টি নির্দিষ্ট মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তবে টেকনাফ ও কক্সবাজারসহ বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ ও মামলা রয়েছে। এসব বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্তের স্বার্থে শিগগিরই আদালতে রিমান্ড আবেদন করা হবে।
