ইরানে একাই হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল

ইরানে একাই হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল

ফন্ট সাইজ:

মার্কিন সামরিক সহায়তা ছাড়াই ইরানে হামলা চালাতে প্রস্তুত বলে ঘোষণা দিয়েছে ইসরাইল। তবে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ এক উপদেষ্টার বক্তব্যে ইসরাইলের প্রতি ওয়াশিংটনের ভিন্ন বার্তা উঠে এসেছে। ইসরাইলকে অবিরাম যুদ্ধের মানসিকতা থেকে বেরিয়ে এসে অর্থনৈতিক কূটনীতিতে মনোযোগ দেয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

এমন পরস্পরবিরোধী অবস্থানের মধ্যেই বৃহস্পতিবার সন্ধ্যায় নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক ডাকবেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি এবং তেহরানের আকস্মিক হামলার আশঙ্কার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

নয় মাস ধরে চলা সংঘাত বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা সৃষ্টি করেছে, সামুদ্রিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে এবং মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশকে সংঘাতে জড়িয়ে ফেলেছে। এমন পরিস্থিতিতে একটি মৌলিক প্রশ্ন সামনে এসেছে—নেতানিয়াহু যখন নতুন করে সামরিক পদক্ষেপের জন্য চাপ দিচ্ছেন, তখন ওয়াশিংটন কি ইসরাইলকে কূটনীতির পথে ফেরাতে পারবে?

একাই হামলা চালাতে প্রস্তুত ইসরাইল

বৃহস্পতিবার ইসরাইলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কানকে দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র এফি ডেফরিন বলেন, ইরানের বিরুদ্ধে এককভাবে সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত ইসরাইল।
তিনি বলেন, ‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। যেকোনো মুহূর্তে শক্তিশালী হামলা চালাতে প্রস্তুত রয়েছি। প্রয়োজনে আমেরিকানদের ছাড়াই একাই অভিযান চালাতে পারব।’

ডেফরিনের দাবি, ইসরাইলকে ধ্বংস করার লক্ষ্য থেকে সরে আসেনি ইরান। তবে ইসরাইলের সাধারণ মানুষের জন্য সামরিক বাহিনীর নির্দেশনায় এখন পর্যন্ত কোনো পরিবর্তন আনা হয়নি।

নেতানিয়াহু নতুন করে ইরানে সামরিক অভিযান চালানোর জন্য ট্রাম্প প্রশাসনের সমর্থন আদায়ের চেষ্টা করছেন বলে খবর প্রকাশিত হয়েছে। এ মাসের শুরুতে ইরানে আবারও হামলার পক্ষে যুক্তি তুলে ধরতে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গোফম্যানকে ওয়াশিংটনে পাঠান তিনি।

টাইমস অব ইসরাইল জানিয়েছে, সম্ভাব্য ইরানবিরোধী অভিযানের প্রস্তুতির মধ্যেই বৃহস্পতিবার নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক হচ্ছে। তবে নতুন করে হামলা চালানোর বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি।

ইসরাইলকে ওয়াশিংটনের বার্তা
এমন পরিস্থিতিতে ইসরাইলের আঞ্চলিক নীতির বিষয়ে বেশ খোলামেলা মন্তব্য করেছেন ট্রাম্পের বিশেষ দূত জ্যারেড কুশনার।
বুধবার জার্মান ব্যবসায়ী ম্যাথিয়াস ডপফনারের সঙ্গে এক পডকাস্ট সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরাইলের ‘অবিরাম যুদ্ধকালীন মানসিকতা থেকে বেরিয়ে এসে অর্থনৈতিক কূটনীতিতে মনোযোগ দেয়া প্রয়োজন’।

এর দুই দিন আগে নিউ ইয়র্ক ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারেও গাজা নিয়ে ইসরাইলের নীতির পরিবর্তন না হলে দেশটি বিশ্বে একঘরে হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছিলেন কুশনার।
তবে ইসরাইলকে যুদ্ধকালীন মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানানোর অর্থ এই নয় যে, ইরানে নতুন করে সামরিক হামলার সম্ভাবনা নাকচ করে দিয়েছে ওয়াশিংটন।

একই সাক্ষাৎকারে ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে কুশনার বলেন, ট্রাম্প ‘সব সময়ই সব ধরনের বিকল্প খোলা রাখেন’।
ইরানের প্রতিনিধিদের সঙ্গে কয়েক দফা বৈঠকের কথাও জানিয়েছেন মার্কিন এই বিশেষ দূত। তবে এসব বৈঠক কখন হয়েছে কিংবা কূটনৈতিক যোগাযোগ এখনো অব্যাহত আছে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

কেন ইরানে নতুন হামলার জন্য মরিয়া নেতানিয়াহু?
ইরানে নতুন করে হামলার বিষয়ে নেতানিয়াহুর তাড়াহুড়োর পেছনে রয়েছে কয়েকটি কারণ। এর মধ্যে রয়েছে নিরাপত্তা উদ্বেগ, যুক্তরাষ্ট্রের সামরিক সমর্থন পাওয়ার সুযোগ সংকুচিত হয়ে আসার আশঙ্কা এবং ইসরাইলের অভ্যন্তরীণ রাজনৈতিক অনিশ্চয়তা।

ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু মনে করেন, ইরান নতুন করে ক্ষেপণাস্ত্রের মজুত ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পুনর্গঠন করছে। একই সঙ্গে দেশটি এখনো নতুন সামরিক হামলার জন্য ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
নেতানিয়াহু বারবার ট্রাম্পকে নতুন করে হামলায় সমর্থন দেয়ার আহ্বান জানিয়েছেন। এ লক্ষ্যে সাম্প্রতিক সময়ে মার্কিন শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ইরান সম্পর্কে ইসরাইলের গোয়েন্দা তথ্য তুলে ধরেছেন মোসাদপ্রধান রোমান গোফম্যান। তবে ইসরাইলের অভ্যন্তরেই নতুন হামলার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠেছে।

প্রতিবেদন অনুযায়ী, দেশটির সামরিক বাহিনীর প্রধান ইয়াল জামির এবং মোসাদের গবেষকেরা মনে করছেন, এই মুহূর্তে নতুন সামরিক অভিযানের তাৎক্ষণিক প্রয়োজন নেই। ইসরাইলের কয়েকজন নিরাপত্তা কর্মকর্তা ইরানের ওপর অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার পক্ষে মত দিয়েছেন। এর সঙ্গে যুক্ত হয়েছে রাজনৈতিক হিসাব-নিকাশ।

গত ২৭ অক্টোবরের নির্বাচনে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন নেতানিয়াহু। বর্তমানে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। অন্যদিকে সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকট নতুন সরকার গঠনের চেষ্টা করছেন।
নেতানিয়াহুর রাজনৈতিক প্রতিপক্ষরা অভিযোগ করেছেন, নিজের ক্ষমতার মেয়াদ দীর্ঘায়িত করতে কিংবা বিরোধীদের জাতীয় ঐক্যের সরকার গঠনে বাধ্য করতেই তিনি নতুন করে সংঘাত উসকে দিতে চাইছেন।