আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত শতাধিক গুম ও খুনের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং তার স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্তের আবেদন জানিয়েছে প্রসিকিউশন। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ তৃতীয় দিনের মতো সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন শেষে প্রসিকিউশনের পক্ষ থেকে এই আবেদন জানানো হয়। এর মধ্য দিয়ে মামলায় প্রসিকিউশন পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের ধাপ শেষ হলো। আগামী রোববার সকাল ১১টা থেকে আসামিপক্ষের যুক্তিতর্ক শুরু হবে।
বৃহস্পতিবার ট্রাইব্যুনালে তৃতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও চিফ প্রসিকিউটর। পরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের সামনে মামলার বিস্তারিত তথ্য তুলে ধরেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
মৃত্যুদণ্ড ও সম্পদ বাজেয়াপ্ত করে ভিকটিম পরিবারকে দেওয়ার আবেদন প্রেস ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩-এর ২০(২) ধারা অনুযায়ী আসামি জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন জানানো হয়েছে। একইসঙ্গে তিনি দোষী সাব্যস্ত হলে তার সব স্থাবর ও অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে তা বিক্রির মাধ্যমে প্রাপ্ত অর্থ শহীদ, আহত-নিহত এবং গুম হওয়া ভিকটিম পরিবারগুলোর মধ্যে বিলি-বণ্টন করে দেওয়ার জন্য ট্রাইব্যুনালের কাছে প্রার্থনা করা হয়েছে। এ ছাড়া জাতির প্রত্যাশা বিবেচনায় নিয়ে মামলাটির রায় দ্রুত ঘোষণারও নিবেদন জানিয়েছে প্রসিকিউশন।
১১৬ ভিকটিম, ১০০ জনের মরদেহ না পাওয়া ও আইনি নজির চিফ প্রসিকিউটর জানান, এ মামলায় সর্বমোট ১৫ জন সাক্ষীকে উপস্থাপন করা হয়েছে, যার মধ্যে প্রায় ছয়জন সরাসরি জিয়াউল আহসানের অপকর্মের সহযোগী ও প্রত্যক্ষদর্শী ছিলেন এবং তারা ঘটনার নারকীয় বর্ণনা দিয়েছেন। সাক্ষীদের জবানবন্দির হিসাব অনুযায়ী এ মামলায় মোট ১১৬ জন ভিকটিমের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ১৬ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হলেও পেট কেটে নদীতে ভাসিয়ে দেওয়ায় বাকি ১০০ জনের মরদেহ উদ্ধার করা যায়নি।
মরদেহ উদ্ধার না হলেও প্রত্যক্ষদর্শী সাক্ষীর জবানবন্দির ভিত্তিতে আসামির সর্বোচ্চ শাস্তি প্রদানে কোনো আইনি বাধা নেই উল্লেখ করে প্রসিকিউশন দেশি ও আন্তর্জাতিক বেশ কয়েকটি মামলার নজির ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে। এর মধ্যে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ‘মুজাহিদুল ইসলাম বনাম চিফ প্রসিকিউটর’ মামলাসহ চারটি রায়, ভারতের সুপ্রিম কোর্টের একটি রায় এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যুগোস্লাভিয়ার (আইসিটিওয়াই) দুটি রায় রয়েছে।
তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ ও ‘১০ হাজার লোক এলিমিনেট’ প্রসঙ্গ সমাপনী বক্তব্যে তদন্তকারী কর্মকর্তার কাছে দেওয়া মেজর তৌহিদের জবানবন্দির একটি অংশ ট্রাইব্যুনালে পড়ে শোনানো হয় বলে জানান চিফ প্রসিকিউটর। মেজর তৌহিদ ছিলেন জিয়াউল আহসানের শিক্ষক; ব্যক্তিগত কারণে তাকে আদালতে হাজির করা না গেলেও তার রেকর্ডকৃত জবানবন্দি উপস্থাপন করা হয়।
ওই জবানবন্দি অনুযায়ী, জিয়াউল আহসান একসময় মনে করেছিলেন তিনি আর মেজর হতে পারবেন না। কিন্তু হঠাৎ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার সুযোগ পাওয়ার পর তিনি মেজর তৌহিদকে জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে তার সরাসরি যোগাযোগ স্থাপিত হয়েছে এবং এখন থেকে তিনি ‘বাদশাহী জীবনযাপন’ করবেন। ওই সময় জিয়াউল আহসান আরও জানিয়েছিলেন যে, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে নির্দেশ বা অভিমত দিয়েছেন—১০ হাজার লোককে ‘এলিমিনেট’ (হত্যা বা শেষ) করতে হবে। যার মধ্যে ৬ হাজার বিএনপির, ২ হাজার জামায়াতে ইসলামীর এবং বাকি ২ হাজার জামায়াত-বিএনপি থেকে আওয়ামী লীগ সেজে থাকা ব্যক্তিদের তালিকা ছিল।
ভুয়া এফআইআর, বিকৃত ময়নাতদন্ত ও গণমাধ্যমের ব্যবহার প্রসিকিউশন জানায়, একটি ভিডিও ফুটেজে দেখা গেছে একটি অপারেশনে জিয়াউল আহসান নিজেই ভিকটিমদের গুলি করছেন। কিন্তু অপারেশন শেষে দায়ের করা এফআইআরে নিজের অংশগ্রহণের তথ্য গোপন করে কনস্টেবল, এসআই বা এএসআইরা গুলি করেছেন মর্মে মিথ্যা তথ্য দেওয়া হয়।
চার্জ-১-এ থাকা সজলের সুরতহাল রিপোর্টে ও এফআইআরে গুলির চিহ্ন থাকার কথা উল্লেখ থাকলেও পরবর্তীতে আজ্ঞাবহ চিকিৎসকের মাধ্যমে ময়নাতদন্ত প্রতিবেদনে বিকৃত তথ্য দিয়ে মামলায় চূড়ান্ত রিপোর্ট দেওয়া হয়। নজরুল এবং আলকাস মল্লিকের মরদেহের ক্ষেত্রেও একইভাবে ঘটনা আড়াল করা হয়েছিল। তৎকালীন সময়ে মানুষ হত্যার পর নিজেরাই মিথ্যা এফআইআর সাজিয়ে এক শ্রেণির ‘পেইড এজেন্ট’ ও আজ্ঞাবহ গণমাধ্যমের মাধ্যমে তা জাতির সামনে প্রচার করার একটি সংস্কৃতি গড়ে উঠেছিল বলে উল্লেখ করেন চিফ প্রসিকিউটর।
আদালতে আসামির আচরণ ও অনুশোচনাহীনতা চিফ প্রসিকিউটর অভিযোগ করেন, বিচারিক আদালত হিসেবে ট্রাইব্যুনাল আসামির আচরণ (ম্যানার ও ডিমেনার) সরাসরি পর্যবেক্ষণ করতে পারেন। বিচার চলাকালে ভয়াবহ সব অভিযোগ ও সাক্ষ্য উপস্থাপনের সময় জিয়াউল আহসান নির্বিকার থাকার ভান করতেন, হাত নাড়াচাড়া করতেন এবং কখনো লেখা বা পড়ার ভঙ্গি করে অভিযোগগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেন। যুক্তিতর্কের শেষ দিন পর্যন্ত আসামি এবং তার পক্ষে মামলা পরিচালনাকারী তার বোন আইনজীবীর মধ্যে অনুশোচনার কোনো লেশমাত্র দেখা যায়নি। বর্তমান অবস্থায় তার এমন অভিব্যক্তিই প্রমাণ করে, ক্ষমতায় থাকা অবস্থায় ও র্যাবের দায়িত্বে থাকাকালে তিনি কতটা নিষ্ঠুর ও ভয়ানক সিদ্ধান্ত নিতে পারতেন।
রোববার শুনানি শুরুর কঠোর আদেশ আসামিপক্ষের সময়ক্ষেপণের প্রবণতার কথা উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, মামলার শুরু থেকে প্রতিটি ধার্য তারিখেই আসামিপক্ষ কোনো না কোনো অজুহাতে সময় চেয়েছে। টানা তিন দিন প্রসিকিউশনের যুক্তিতর্ক চলার সময় আসামিপক্ষ উপস্থিত থেকে সব শুনেছে এবং সব নথিপত্রও তাদের কাছে রয়েছে। তা সত্ত্বেও বৃহস্পতিবার যুক্তিতর্ক শুরু করতে বলা হলে তারা আগামী ৩ তারিখের আগে শুরু করতে পারবেন না বলে সময় চান। এ প্রেক্ষিতে মাননীয় ট্রাইব্যুনাল পরিষ্কার আদেশ দিয়েছেন যে, কোনো ব্যর্থতা ছাড়াই (উইদাউট এনি ফেইল) আগামী রোববার সকাল ১১টায় আসামিপক্ষকে তাদের শুনানি শুরু করতে হবে।
