নারায়ণগঞ্জে ৭ খুনের নেপথ্যে আর্থিক সংশ্লিষ্টতা, ফ্ল্যাট ও কয়লার ব্যবসা: এটর্নি জেনারেল

ফন্ট সাইজ:

নারায়ণগঞ্জের সাত খুনের পেছনে ৫-৬ কোটি টাকার আর্থিক সংশ্লেষ, একটি ফ্ল্যাট বাড়ি ও কয়লার ব্যবসার বিষয় উঠে এসেছে। এই মামলায় হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিলের প্রথম দিনের শুনানি শেষে সুপ্রিম কোর্টের নিজ কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানান অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। আপিল শুনানি শেষে হাইকোর্টের দেয়া রায়টি বহাল থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন অ্যাটর্নি জেনারেল। আপিলের পরবর্তী দিনের শুনানি জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক।
শুনানিতে আসামিদের জবানবন্দি উপস্থাপন প্রসঙ্গে অনিক আর হক জানান, এই মামলায় হাইকোর্ট ১৫ জনকে ফাঁসি, ১১ জনকে যাবজ্জীবন এবং আরও ৯ জনকে ১০ বছর ও ৭ বছরসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। আজকের শুনানিতে প্রথমে হাইকোর্টের রায়ের কিছু অংশ পড়ে শোনানো হয়, যেখানে কার কী ভূমিকা ছিল তা উল্লেখ রয়েছে। ৭ জনের এই হত্যাকাণ্ডটি সংঘটিত হওয়ার সময় কোনো প্রত্যক্ষদর্শী (আই-উইটনেস) ছিল না। পুরো মামলাটি মূলত আসামিদের দেয়া দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দির ওপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। আজ আমরা সাবেক র‌্যাব কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) তারেক সাঈদ মোহাম্মদ, মেজর (অব.) আরিফ হোসেন, লেফটেন্যান্ট কমান্ডার এমএম রানা, হাবিলদার এমদাদুল হক এবং সিপাহী আবু তৈয়বের জবানবন্দির অংশবিশেষ পড়ে শুনিয়েছি। সময়ের অভাবে সিপাহী আবু তৈয়বের জবানবন্দিটি পুরোপুরি শেষ করা সম্ভব হয়নি।
ব্যারিস্টার অনিক আর হক বলেন, আসামিরা অত্যন্ত সাবলীলভাবে হত্যাকাণ্ডের বর্ণনা দিয়েছেন। জবানবন্দিতে তারা বলেছেন, ‘হ্যাঁ, পাঁচজনকে ধরেছিলাম। আরও দু’জন রাস্তায় আমাদেরকে ওদের ধরতে দেখে চিৎকার করছিল, তাই ওদেরকেও নিয়ে নিয়েছি।’ পরবর্তীতে তৎকালীন অধিনায়ক (সিও) তারেক সাঈদ নির্দেশ দেন, ‘সাতজনকেই গুম করে ফেলো।’ হত্যাকাণ্ডের পর তারা জানান যে, সাতজনকে মেরে ফেলা হয়েছে এবং এরপর তারা স্বাভাবিক নিয়মে খাওয়া-দাওয়াও করেন। তিনি আরও বলেন, পুরো ঘটনাটি শুনলে মনে হবে যেন কোনো সিনেমার পাতা থেকে উঠে এসেছে। কিন্তু এই কথাগুলো আসামিরা নিজেরাই জবানবন্দিতে বলেছেন এবং প্রত্যেকের বক্তব্য একজনের সঙ্গে আরেকজনের হুবহু মিলে যাচ্ছে। আসামিরা প্রথমে পলিথিন বেঁধে ভুক্তভোগীদের মৃত্যু নিশ্চিত করেন। পরবর্তীতে ট্রলারে করে নিয়ে নদীতে ফেলার সময় লাশগুলো যাতে পানিতে ভেসে না ওঠে, সেজন্য প্রত্যেকের পেটে ছুরি দিয়ে আঘাত (পোঁচ দিয়ে পেট চিরে) করা হয়। সুরতহাল (ইনকোয়েস্ট) প্রতিবেদনের সাক্ষীদের বক্তব্যের সঙ্গেও আসামিদের এই বর্ণনার শতভাগ মিল পাওয়া গেছে।
এই মামলার আসামিদের সাক্ষ্য ও জবানবন্দিতে এই হত্যাকাণ্ডের পেছনে ৫ থেকে ৬ কোটি টাকার লেনদেন, ফ্ল্যাট উপহার এবং কয়লা ব্যবসার সংশ্লিষ্টতার তথ্য উঠে এসেছে। সবকিছুর পেছনে একজন ‘গডফাদার’ মেজর জেনারেলের (অব.) জিয়াউল আহসান ছিলেন, যার বিচার বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) চলছে। তারেক সাঈদ নিজেই জবানবন্দিতে বলেছেন যে, তার প্রথম নির্দেশ এবং অনুমতি ছাড়া র‌্যাব তখন কোনো কিছুই করতো না। সবশেষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মন্তব্য করেন, হাইকোর্ট অত্যন্ত নিখুঁতভাবে ও বিস্তারিত বিশ্লেষণের মাধ্যমে আসামিদের প্রাপ্য শাস্তি দিয়েছেন। অপরাধের ভয়াবহতা বিবেচনায় যেকোনো সুস্থ মানুষই এই আসামিদের জন্য একই শাস্তি কামনা করবেন বলে মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৭শে এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জের লিংক রোড থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলামসহ পাঁচজনকে অপহরণ করা হয়। বিষয়টি দেখে ফেলায় অপহরণের শিকার হন আইনজীবী চন্দন সরকার ও তার গাড়িচালক মো. ইব্রাহিম। পরে তাদের লাশ ভেসে উঠে শীতলক্ষ্যা নদীতে।