আওয়ামী ফ্যাসিবাদী সরকারের আমলে সংঘটিত খুন-গুম, অপহরণ, বিচারবহির্ভূত হত্যা ও রাজনৈতিক নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করার লক্ষ্যে জেলা পর্যায়ে গণশুনানির উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গতকাল সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা জানান। চিফ প্রসিকিউটর বলেন, আগামী সপ্তাহ থেকে এই কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। যশোর জেলা থেকে এই কার্যক্রম শুরু করার কথা থাকলেও আগামী ২৮ তারিখ যশোর জেলা বারের নির্বাচন থাকায় ২৬ তারিখের নির্ধারিত তারিখটি পরিবর্তন হয়ে অন্য কোনো জেলা থেকে শুরু হতে পারে। আমিনুল ইসলাম বলেন, এই কর্মসূচির অংশ হিসেবে প্রতি সপ্তাহে দেশের কোনো না কোনো জেলায় গণশুনানির আয়োজন করা হবে। প্রত্যেক জেলার জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে এবং নিপীড়িত রাজনৈতিক দল ও সংগঠনের উপস্থিতিতে এই শুনানি অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, প্রসিকিউশন টিমের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং তদন্ত সংস্থার কো-কোঅর্ডিনেটরের নেতৃত্বে একটি শক্তিশালী যৌথ দল এই জরিপ ও গণশুনানি পরিচালনা করবে। ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থার অনুসন্ধান করার পূর্ণ আইনগত ম্যান্ডেট রয়েছে। সরকার এ বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে উল্লেখ করে তিনি জানান, ইতিমধ্যে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), তদন্ত সংস্থার কো-অর্ডিনেটর এবং দেশের সকল নির্যাতিত রাজনৈতিক দলের সভাপতি, মহাসচিব, আহ্বায়ক ও ভুক্তভোগী পরিবারের কাছে চিঠি পাঠানো হচ্ছে।
গণশুনানিতে ভুক্তভোগী পরিবারগুলোর কাছ থেকে তথ্য সংগ্রহ করা হবে জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, কোনো ঘটনার প্রেক্ষিতে ইতিপূর্বে মামলা হয়ে থাকলে সেই মামলার কাগজপত্র ও রেকর্ডপত্র পর্যালোচনা করা হবে। আর যেসব ঘটনায় এখনো মামলা হয়নি, সেসব ভুক্তভোগী পরিবারকে চিহ্নিত করে তদন্ত সাপেক্ষে ট্রাইব্যুনালে বিচারের ব্যবস্থা করা হবে। অনেক অপরাধী এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেÑ গণশুনানিতে প্রয়োজনবোধে তাৎক্ষণিকভাবে কোনো অপরাধীকে পাওয়া গেলে তাকে গ্রেপ্তারও করা হবে।
তিনি বলেন, গুমের মামলার বিচার কার্যক্রম চলমান রয়েছে এবং এ বিষয়ে ইতিমধ্যে একটি আইনও পাস হয়েছে। ব্যাপক ও পদ্ধতিগত (ওয়াইডস্প্রেড এবং সিস্টেমেটিক) গুমের অপরাধগুলোর বিচার ট্রাইব্যুনালেই হবে। সালাহউদ্দিন আহমেদ, ইলিয়াস আলী ও সুমনসহ এখনো নিখোঁজ থাকা প্রায় ২৮০ জন গুমের শিকার ব্যক্তি বেঁচে আছেন কিনা, তা জানতে একটি সমন্বিত (কম্বাইন্ড) তদন্ত চলছে। শত শত ভুক্তভোগী পরিবারের সাক্ষ্য ও আলামত সংগ্রহের কাজ শেষে দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করে বিচারের ব্যবস্থা করা হবে। এ ছাড়া শেখ হাসিনার পলায়ন ও আশ্রয়দাতাদের বিচার ৫ই আগস্ট শেখ হাসিনার দেশত্যাগ এবং অনেক নেতার পালিয়ে যাওয়ার প্রক্রিয়া নিয়ে তদন্ত ট্রাইব্যুনালের আইনি এখতিয়ারে পড়ে কিনা তা দেখা হবে।
এদিকে গতকাল ট্রাইব্যুনালের দেয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ই আগস্ট পর্যন্ত সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও অপরাধী চিহ্নিতকরণের লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, বাংলাদেশের প্রসিকিউশন ও তদন্ত সংস্থার একটি ঊর্ধ্বতন টিম সংশ্লিষ্ট জেলাসমূহে গণশুনানি পরিচালনা করবে। সরকার এ বিষয়ে সার্বিক সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ওই গণশুনানিতে নির্যাতিত রাজনৈতিক দলের প্রতিনিধি, আহত-নিহত ও ভিকটিম পরিবারের সদস্য, প্রেস ক্লাবের সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, ছাত্র-জনতা এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। গণশুনানির পূর্বে প্রতিটি জেলার সংশ্লিষ্ট উপজেলাসমূহে সরকারি ব্যবস্থাপনায় মাইকিংসহ বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি প্রচার-প্রচারণার ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া, সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ সমন্বয়ে গণশুনানি আয়োজনসহ আহত-নিহত ভিকটিম পরিবারগুলোকে বিষয়টি অবহিত করার প্রয়োজনীয় সার্বিক ব্যবস্থা নেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আওয়ামী ফ্যাসিবাদী আমলের অপরাধীদের বিচার নিশ্চিতে গণশুনানির উদ্যোগ
স্টাফ রিপোর্টার
২৬ নভেম্বর (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
