জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি। গতকাল দুপুরে প্রতিবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেয়া হয়। এখন তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত মন্ত্রণালয় নেবে বলে তদন্ত সূত্র জানিয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন তদন্ত কমিটির আহ্বায়ক ও কুষ্টিয়া স্থানীয় সরকারের উপ-পরিচালক আহমেদ মাহবুব-উল-ইসলাম। তিনি জানান, তদন্তের কাজ শেষ করে কমিটির সদস্যরা বৈঠকে বসে প্রতিবেদন চূড়ান্ত করেন। পরে প্রতিবেদনটি সিলগালা করে একজন কর্মকর্তার মাধ্যমে মন্ত্রণালয়ে পাঠানো হয়। গতকাল দুপুরে সেটি মন্ত্রণালয়ে জমা হয়েছে। প্রতিবেদনে কী উল্লেখ করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাতে রাজি হননি তিনি। এর আগে গত ১১ই নভেম্বর দিবাগত রাত ১২টা ১৫ মিনিটের দিকে দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুনের ঘটনা ঘটে।
এ ঘটনায় বাড়িতে আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ৮ নেতার নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয়ের ২৫ থেকে ৩০ জনকে আসামি করে দৌলতপুর থানায় মামলা করেন এমপি নুসরাত তাবাসসুম। ঘটনার পরদিন ১২ই নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে ৩ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছিল। সেই সূত্রে ১৩ই নভেম্বর সকালে তদন্ত দলের সদস্যরা বাগোয়ান গ্রামে ঘটনাস্থল পরিদর্শন করেন।
তদন্তের অংশ হিসেবে ঘটনাস্থলের বিভিন্ন আলামত, তথ্যপ্রমাণ, ঘটনার সময়কার সিসিটিভি ক্যামেরার ভিডিও এবং স্থানীয় বাসিন্দাদের বক্তব্য পর্যালোচনা করেন কমিটির সদস্যরা। নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত শেষ না হওয়ায় ১৬ই নভেম্বর থেকে আরও ৭ কার্যদিবস সময় নেয়া হয়। ২৪শে নভেম্বর ছিল বর্ধিত সময়ের শেষ দিন। তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন স্থানীয় সরকার বিভাগের কুষ্টিয়ার উপ-পরিচালক (ডিডিএলজি) আহমেদ মাহবুব-উল-ইসলাম। সদস্য সচিব কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল ওয়াদুদ। কমিটির অন্য দুই সদস্য হলেন- বিজিবি কুষ্টিয়া সেক্টরের সহকারী পরিচালক (প্রশাসন) মেজর আশরারুল হক এবং অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন।
তদন্ত কমিটির সদস্য কুষ্টিয়া অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন জানান, তদন্ত প্রতিবেদন জমা দেয়ার মধ্যদিয়ে ঘটনাটির অনুসন্ধান কার্যক্রম শেষ হয়েছে। প্রতিবেদনে উঠে আসা তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
