রোজার আগে খেজুর, আপেল ও কমলার শুল্ক কমালো এনবিআর

রোজার আগে খেজুর, আপেল ও কমলার শুল্ক কমালো এনবিআর

ফন্ট সাইজ:

আসন্ন রমজানে খেজুর, আপেল ও কমলার দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানিতে শুল্ক কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। খেজুরের আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। অন্যদিকে, আপেল ও কমলা আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এনবিআরের জারি করা এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনে এনবিআর জানায়, ২০২৭ সালের ১০ই মার্চ পর্যন্ত খেজুরের আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। এতে খেজুর আমদানিতে মোট করভার ৪৮ শতাংশ থেকে কমে ২৫ শতাংশে নেমেছে। এ ছাড়া, আপেল ও কমলা আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। পাশাপাশি সম্পূরক শুল্ক ও ভ্যাট ২০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এই পরিবর্তনের ফলে আপেল ও কমলায় মোট শুল্ক-কর ১২১ শতাংশ থেকে কমে ৪৮ শতাংশ হবে।

প্রজ্ঞাপনে আপেল ও কমলার ক্ষেত্রে নতুন হার ২০২৭ সালের ২৪শে জানুয়ারি থেকে ২৩শে ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকার কথা বলা হয়েছে। এনবিআরের আশা, শুল্ক কমানোর ফলে এসব ফলের আমদানি ও সরবরাহ বাড়বে এবং বাজারে দামের ওপর ইতিবাচক প্রভাব পড়বে।
আমদানিনির্ভর এসব ফলের শুল্ক কমানোর বিষয়ে কয়েক দিন আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয় বলে জানা গেছে। ঢাকার বাজারে বিভিন্ন মানের প্রতি কেজি খেজুর ২০০- ২০০০ টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে আপেল প্রতি কেজি ৩০০-৫০০ টাকা প্রতি কেজি ও কমলা ৪০০-৬০০ টাকা দরে বিক্রি হচ্ছে।