রাজধানীতে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৯ নেতাকর্মীসহ ৪৯৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ডিএমপির বিভিন্ন থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন। পুলিশ জানায়, রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে ৪৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৪৯ জন।
একই সময়ে ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
এর মধ্যে ডিএমপির রমনা বিভাগ ৩০ জন, লালবাগ বিভাগ ৪৩ জন, ওয়ারী বিভাগ ৬০ জন, মতিঝিল বিভাগ ৬৪ জন, তেজগাঁও বিভাগ ১০০ জন, মিরপুর বিভাগ ১১৭ জন, গুলশান বিভাগ ৪১ জন এবং উত্তরা বিভাগ ৪২ জনকে গ্রেপ্তার করেছে। অভিযানকালে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি, ৪টি রামদা, ৩টি ছুরি, ১টি দা, ১টি চাপাতি, ৫টি অবিস্ফোরিত হাতবোমা, ৩টি বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ, ১ লিটার কাঁচা পেট্রোল, ৫২২ পিস ইয়াবা, ৮ বোতল বিদেশি মদ, ১ হাজার টাকা এবং ১টি মোবাইল উদ্ধার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার আকতার হোসেন হোসেন বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
