মাতারবাড়ীর মতো আরেকটি বন্দরের বিষয়ে ভাবতে পারে চীন- প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ফন্ট সাইজ:

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের মতো উদ্যোগের পরিপূরক হিসেবে বাংলাদেশে বড় বন্দর অবকাঠামো প্রকল্প নিয়ে চীন বিবেচনা করতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এবং বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ। গতকাল রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ-চীন সম্পর্কবিষয়ক ‘২০২৬ ঢাকা ফোরাম’-এর উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বাংলাদেশে চীনা দূতাবাস ও সেন্টার ফর চায়না স্টাডিজের সহযোগিতায় বিআইআইএসএস এবং বাংলাদেশ-চায়না রিসার্চ সেন্টার ফর পার্টি অ্যান্ড স্টেট গভর্নেন্স যৌথভাবে এ ফোরামের আয়োজন করে।
অধিবেশনে চীন, মিয়ানমার ও বাংলাদেশের অর্থনৈতিক করিডোর নিয়েও কথা বলেছেন জবিউল্লাহ। তিনি বলেন, এশিয়ার পরিবর্তনশীল অর্থনৈতিক প্রেক্ষাপটে এই করিডোর সুচিন্তিত মনোযোগের দাবি রাখে। এই করিডোরকে অবকাঠামোগত প্রকল্পের বাইরে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন জবিউল্লাহ।
প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা আরও বলেন, ভৌগোলিক দিক থেকে বাংলাদেশের অবস্থান সুবিধাজনক। তবে করিডোর বাস্তবায়নের সম্ভাবনা বিবেচনায় রাজনৈতিক বাস্তবতা, নিরাপত্তা পরিস্থিতি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং সংশ্লিষ্ট সব পক্ষের অর্থনৈতিক স্বার্থ সতর্কতার সঙ্গে মূল্যায়ন করতে হবে। এ জন্য ত্রিদেশীয় সংলাপে জোর দেয়া দরকার।
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে চীনকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন জবিউল্লাহ। তিনি বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনের নতুন পথ উন্মোচিত হয়েছে। এ ক্ষেত্রে চীন ভূমিকা রাখতে পারে।
বন্দর ও নৌপরিবহন সংযোগ প্রসঙ্গে ইসমাইল জবিউল্লাহ বলেন, বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য ব্যাপকভাবে সমুদ্রবন্দরনির্ভর। বঙ্গোপসাগরের উত্তর প্রান্তে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সংযোগস্থলে বাংলাদেশের কৌশলগত অবস্থান রয়েছে। এ অবস্থান কাজে লাগাতে দেশের বন্দরগুলোকে শুধু পণ্য ওঠানামার কেন্দ্র হিসেবে না রেখে সমন্বিত অর্থনৈতিক ও লজিস্টিকস হাবে পরিণত করতে হবে।
তিনি বলেন, এ ক্ষেত্রে বন্দর নির্মাণ, সামুদ্রিক অবকাঠামো উন্নয়ন ও বন্দর ব্যবস্থাপনায় চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে পারে বাংলাদেশ। পাশাপাশি পরিবেশবান্ধব বন্দর, জ্বালানিসাশ্রয়ী সামুদ্রিক অবকাঠামো, বর্জ্য ব্যবস্থাপনা এবং জলবায়ু-সহনশীল উপকূলীয় অবকাঠামো উন্নয়নে দুই দেশের সহযোগিতার সুযোগ রয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশে চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মহাপরিচালক মেজর জেনারেল হুসাইন মুহাম্মদ মাসীহুর রহমান।