সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগে শূন্য হওয়া কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে আগামী ১০ই জানুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার এ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, ২০২৭ সালের ১০ই জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। ভোটগ্রহণ করা হবে স্বচ্ছ ব্যালট বাক্সে।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ৬ই ডিসেম্বর। ৭ই ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই করবেন রিটার্নিং কর্মকর্তা। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৮ থেকে ১২ই ডিসেম্বর পর্যন্ত আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি করা হবে ১৪ই ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ই ডিসেম্বর। পরদিন ১৮ই ডিসেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে। এ উপনির্বাচনে প্রবাসী ভোটারদের পাশাপাশি দেশের অভ্যন্তরে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্যও পোস্টাল ভোটের ব্যবস্থা রাখা হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। এ ছাড়া আসনটির দুই উপজেলা নির্বাচন কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, গত ১৪ই নভেম্বর শারীরিক অসুস্থতার কারণে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন ড. মুহাম্মদ ওসমান ফারুক। তিনি পদত্যাগপত্র স্পিকারের কাছে পাঠান। ১৫ই নভেম্বর স্পিকার পদত্যাগপত্র গ্রহণ করেন। পরে ১৭ই নভেম্বর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদকে বিষয়টি অবহিত করেন। সংবিধানের ৬৭ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী আসনটি শূন্য ঘোষণা করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন ওসমান ফারুক। দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগে তিনি যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন ১০ই জানুয়ারি
স্টাফ রিপোর্টার
২৬ নভেম্বর (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
