‘আমার খতিয়ান করার রেইট ৮০ হাজার টাকা, এর বেশিও নিয়ে থাকি। সবকিছু আমার নিয়ন্ত্রণে। তাই উপরিমহলে কিছু বললেও কাজ হবে না।’ উখিয়া ভূমি অফিসকে ঘিরে দালাল চক্রের প্রভাব নিয়ে এমনই দম্ভোক্তি আনোয়ার নামে এক ব্যক্তির। নিজেকে ভূমি অফিসের লোক পরিচয় দিয়ে এক বৃদ্ধের কাছ থেকে খতিয়ান করে দেয়ার কথা বলে ৮০ হাজার টাকা নেয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অথচ দুই বছর পার হলেও জমির খতিয়ান বুঝে পাননি ওই বৃদ্ধ। টাকা ফেরত চাইতে গিয়ে উল্টো মারধরের মুখে পড়েছেন বলে অভিযোগ করেছেন তিনি। ৭৫ বছর বয়সী ভুক্তভোগী এখলাচুর রহমান উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের বড় ইনানী গ্রামের বাসিন্দা। তিনি মৃত জালাল আহমদের ছেলে। বয়সের ভারে নুয়ে পড়া এই বৃদ্ধ নিজের জমির একটি সৃজিত খতিয়ানের জন্য উখিয়া ভূমি অফিসে গিয়ে আনোয়ারের খপ্পরে পড়েন বলে অভিযোগ তার।
এখলাচুর রহমানের অভিযোগ, প্রায় দুই বছর আগে সৃজিত খতিয়ান করতে উখিয়া ভূমি অফিসে গেলে আনোয়ার নামে ওই ব্যক্তির সঙ্গে পরিচয় হয়। আনোয়ার নিজেকে ভূমি অফিসের লোক পরিচয় দিয়ে কম খরচে দ্রুত খতিয়ান করে দেয়ার আশ্বাস দেন। পরে তাকে ভূমি অফিসের পেছনে উখিয়া বাজার সড়কের একটি কম্পিউটার দোকানে নিয়ে যান। অভিযোগ অনুযায়ী, খতিয়ান করে দেয়ার জন্য প্রথমে দেড় লাখ টাকা দাবি করেন আনোয়ার। পরে দরদাম করে ৮০ হাজার টাকায় চুক্তি হয়। প্রথম কিস্তিতে ১৫ হাজার, দ্বিতীয় কিস্তিতে ৫০ হাজার টাকাসহ বিভিন্ন সময়ে পুরো টাকা পরিশোধ করেন বৃদ্ধ। এরপর শুরু হয় আজ-কাল করে ঘোরানোর পালা। দুই বছর পার হলেও খতিয়ান বুঝে পাননি তিনি। বিষয়টি নিয়ে আনোয়ারের সঙ্গে সরাসরি কথা বললে তিনি খতিয়ানের জন্য ৮০ হাজার টাকা নিজের নির্ধারিত রেট বলে দাবি করেন। এমনকি এর বেশিও নিয়ে থাকেন বলে জানান। শুধু তাই নয়, ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা তার নিয়ন্ত্রণে বলেও দাবি করেন তিনি।
স্থানীয়দের অভিযোগ, উখিয়া ভূমি অফিসের পেছনের মার্কেটের মুন্সি, ভেন্ডর ও কম্পিউটার দোকানগুলোকে ঘিরে দীর্ঘদিন ধরে একটি দালাল চক্র সক্রিয়। চুক্তির মাধ্যমে এসব দোকান থেকে খতিয়ানসহ বিভিন্ন ভূমিসেবা-সংক্রান্ত কাজ করানো হয়। অফিসের কিছু কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে বহিরাগত দালালদের যোগসাজশের অভিযোগও রয়েছে। ফলে সরকারি সেবা নিতে এসে সাধারণ মানুষ অনেক সময় এসব মধ্যস্থতাকারীর ওপর নির্ভরশীল হয়ে পড়েন। এ বিষয়ে উখিয়ার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, ‘দালালদের ব্যাপারে আমরা সবসময় কঠোর। ভূমি অফিসে দালালদের কোনো ঠাঁই নেই।’ উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার বলেন, ভূমি অফিসের আশপাশে দালালদের পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
