সাতক্ষীরায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

ফন্ট সাইজ:

রাজনৈতিক ট্যাগ দিয়ে সাংবাদিক নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বুধবার বিকালে সাতক্ষীরার কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এতে সাংবাদিকদের পাশাপাশি সংহতি প্রকাশ করে অংশ নেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন, হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক, সাতক্ষীরা কমিউনিটি, স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নসিঁড়ি ও ভলান্টিয়ার ফর বাংলাদেশের সদস্যরা। মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা রাজনৈতিক ট্যাগ দিয়ে আমাদের সময়’র শ্যামনগর প্রতিনিধি বিলাল হোসেনকে মধ্যরাতে বাড়ি থেকে অপহরণের চেষ্টা করে। তখন তিনি ঘেরে পালিয়ে জীবনে রক্ষা পান। একইদিন মব সৃষ্টি করে একটি মিটিং থেকে তুলে নিয়ে দৈনিক আলোকিত প্রতিদিনের প্রতিনিধি ইব্রাহিম খলিল ও দৈনিক গ্রামের কাগজের প্রতিনিধি ইয়াসিন মোড়লকে পুলিশে দেয়া হয়।

এ ছাড়া, মোহনা টিভি’র যশোর প্রতিনিধি স্বাধীন আব্দুল্লাহকে মব সৃষ্টি করে তার গ্রামের বাড়ি যশোরের কেশবপুর থেকে পুলিশে দেয়া হয়। বক্তারা এসব ঘটনাকে রাষ্ট্রের জন্য অশনি সংকেত উল্লেখ করে বলেন, ক্ষমতাকে প্রশ্ন করা সাংবাদিকদের কাজ। যখনই সাংবাদিকরা স্থানীয় অসঙ্গতিগুলো সরকারের দৃষ্টিতে আনার চেষ্টা করছে, তখনই ক্ষমতাসীনরা তাদের ওপর মব সৃষ্টি করছে। এতে দেশের সাংবাদিক সমাজ ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে।

মানববন্ধনে সাংবাদিক কেন্দ্রের সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, সাংবাদিক কেন্দ্রের সাধারণ সম্পাদক ও এখন টিভি’র আহসান রাজীব, বাংলানিউজের তানজির কচি, মানবজমিনের এসএম বিপ্লব হোসেন, এনটিভি’র এসএম জিন্নাহ, বাংলাট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, এনপিবি’র হোসেন আলী, গ্লোবাল টিভি’র রাহাত রাজা, সাতক্ষীরার সকাল আলতাফ হোসেন বাবু, স্বদেশ প্রতিদিনের হাবিবুর রহমান সোহাগ, কালের কণ্ঠ ডিজিটালের আলী মুক্তদা হৃদয়, টাইম টুডের মিলন কুমার বিশ্বাস প্রমুখ।