একসময় বাংলাদেশের টেস্ট ব্যাটিংয়ের নির্ভরতার প্রতীক ছিলেন মুশফিকুর রহীম ও মুমিনুল হক। ব্যাট হাতে কঠিন পরিস্থিতি সামলে দলকে পথ দেখিয়েছেন বহুবার। অথচ সময়ের পালাবদলে সেই দুই অভিজ্ঞ ব্যাটারের ব্যাটেই এখন রানের খরা। দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম টেস্টে ব্যর্থ হয়েছেন মুশফিক। দুই টেস্টেই ব্যাটিং ব্যর্থতার বৃত্তে বন্দি মুমিনুল হক। দলের প্রয়োজনে বড় ইনিংস দূরের কথা, উইকেটে থিতু হওয়ার লড়াইটাও যেন ভুলে গেছেন বাংলাদেশের টেস্ট ব্যাটিংয়ের এই দুই স্তম্ভ। সাম্প্রতিক পরিসংখ্যানও তাদের ব্যর্থতার সাক্ষী। সর্বশেষ দশ টেস্ট ইনিংসে মুশফিক ও মুমিনুলের ব্যাট থেকে আসেনি কোনো সেঞ্চুরি।
মুশফিক একটি ফিফটি পেলেও মুমিনুলের ঝুলিতে নেই কোনো অর্ধশতক। এই সময়ে মুশফিকের একটি ইনিংস ছাড়া বাকি নয়টিতেই রান ছিল ৫০-এর নিচে। অন্যদিকে মুমিনুলের শেষ ১২ টেস্ট ইনিংসে নেই কোনো ফিফটি। রান করেছেন মাত্র ১৮ গড়ে। দক্ষিণ আফ্রিকা সফরের চার ইনিংসে তার সংগ্রহ মাত্র ১৯ রান, গড় ৪.৭৫। জোহানেসবার্গ টেস্টের দুই ইনিংসে মুমিনুলের সংগ্রহ ছিল শূন্য ও এক। সেঞ্চুরিয়নেও ব্যর্থতার ধারাবাহিকতা ভাঙতে পারেননি তিনি। প্রথম ইনিংসে ৫১ বল মোকাবিলা করে ১৮ রান করার পর উইয়ান মুল্ডারের বলে বোল্ড হন। দ্বিতীয় ইনিংসে ফেরেন কোনো রান না করেই। অর্থাৎ দুই টেস্টের চার ইনিংসেই প্রতিপক্ষ বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ করেন এই বাঁহাতি ব্যাটার। মুমিনুলের ব্যর্থতার সবচেয়ে বড় জায়গা বিদেশের মাটিতে।
দেশের মাটিতে ৪৫ টেস্টের ৮১ ইনিংসে তার সংগ্রহ ৩৫৪৭ রান, গড় ৪৭.৯৩। অথচ দেশের বাইরে ৩৮ টেস্টের ৭৩ ইনিংসে করেছেন ১৭১৯ রান, গড় মাত্র ২৪.৯১। অর্থাৎ ঘরের মাঠের তুলনায় বিদেশে তার ব্যাটিং গড় প্রায় অর্ধেক। দক্ষিণ আফ্রিকায় চিত্রটা আরও হতাশাজনক। এবারের সফরের আগে দেশটিতে দশ ইনিংসে তার গড় ছিল মাত্র ১০.৬। এবার চার ইনিংসে ১৯ রান যোগ হলেও সেই দুর্বলতা কাটেনি। দেশের মাটিতে প্রায় ৪৮ গড়ে রান করা একজন ব্যাটারের বিদেশে ২৫ গড়ও ধরে রাখতে না পারা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। মুশফিকের সামপ্রতিক অবস্থাও খুব একটা স্বস্তিদায়ক নয়। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ সেঞ্চুরির মালিক তিনি।
অথচ শেষ দশ ইনিংসে কোনো শতকের দেখা পাননি। একটি ফিফটি ছাড়া বাকি ইনিংসগুলোতে বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয়েছেন। অভিজ্ঞতা ও সামর্থ্যের বিচারে মুশফিকের কাছ থেকে দলের প্রত্যাশা অনেক বেশি। কিন্তু সেই প্রত্যাশার সঙ্গে তার সাম্প্রতিক পারফরম্যান্সের মিল খুঁজে পাওয়া কঠিন। অথচ টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ব্যাটিং ইতিহাসে এই দুই ক্রিকেটারের অবদান অস্বীকার করার সুযোগ নেই। দেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৩টি টেস্ট সেঞ্চুরি রয়েছে মুমিনুলের। মুশফিক রয়েছেন সেঞ্চুরির তালিকার শীর্ষে।
দীর্ঘদিন ধরে দলের ব্যাটিংয়ের কঠিন দায়িত্ব সামলেছেন তারা। কিন্তু অতীতের সাফল্য দিয়ে বর্তমানের ব্যর্থতা আড়াল করার সুযোগ নেই। বিশেষ করে বিদেশের মাটিতে মুমিনুলের ধারাবাহিক ব্যর্থতা এবং মুশফিকের সাম্প্রতিক রানখরা দল নির্বাচনের আলোচনাকেও সামনে নিয়ে আসছে। সেঞ্চুরিয়ন টেস্টের আগে প্রধান কোচ ফিল সিমন্স মুমিনুলের অভিজ্ঞতার ওপর আস্থা রেখে তাকে আরও সুযোগ দেয়ার পক্ষে কথা বলেছিলেন। কিন্তু মাঠের পারফরম্যান্সে সেই আস্থার প্রতিদান দিতে পারেননি এই ব্যাটার।
প্রশ্ন উঠেছে, আর কত দিন সুযোগ পেলে বিদেশের মাটিতে নিজের সামর্থ্যের প্রমাণ দেবেন তিনি? একইভাবে মুশফিককেও ফিরতে হবে চেনা ছন্দে। কারণ অভিজ্ঞতার পাশাপাশি দলের প্রয়োজনে রান করাটাই এখন তাদের সবচেয়ে বড় দায়িত্ব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টেই হেরেছে বাংলাদেশ। দুই ম্যাচে ব্যাটিংয়ের দুর্দশা ছিল চোখে পড়ার মতো। এমন পরিস্থিতিতে অভিজ্ঞ দুই ব্যাটারের ব্যর্থতা দলের সংকট আরও বাড়িয়েছে। আগামী সিরিজের আগে মুশফিক-মুমিনুলের জন্য নিজেদের ব্যাটিং নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। অতীতের অর্জন তাদের সম্মান এনে দিয়েছে, কিন্তু বর্তমানের পারফরম্যান্সই ঠিক করবে ভবিষ্যতে দলের ব্যাটিংয়ে তাদের ভূমিকা।
