হোয়াইটওয়াশে ‘ফাইনালের আশা’ শেষ বাংলাদেশের

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ

হোয়াইটওয়াশে ‘ফাইনালের আশা’ শেষ বাংলাদেশের

ফন্ট সাইজ:

আশা, সম্ভাবনা কিংবা সমীকরণ- আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে ফাইনালে খেলার আর সুযোগ নেই বাংলাদেশের। আশা বাঁচিয়ে রাখার জন্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে অন্তত একটিতে জিততো হতো। কিন্তু দুটিতে হেরে হোয়াইটওয়াশ হয়েছে নাজমুল হোসেন শান্তর দল। গতকাল সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশকে ইনিংস ও ২১৯ রানে হারায় দক্ষিণ আফ্রিকা। টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বর্তমানে ৩৬.৬৭% পয়েন্ট বাংলাদেশের, ১ ধাপ পিছিয়ে ৬ষ্ঠ স্থানে রয়েছে টাইগাররা।

আগামী বছর ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এটি এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশের শেষ সিরিজ। এ সিরিজে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করলেও বাংলাদেশের পয়েন্ট হবে ৪৭.২২ শতাংশ। এই পয়েন্ট নিয়ে ফাইনাল খেলা সম্ভব নয়। এত কম পয়েন্ট নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের আগের দুই চক্রে কেউ ফাইনাল খেলতে পারেনি। দক্ষিণ আফ্রিকা সফরের শুরুতে জোহানেসবার্গ টেস্টে পঞ্চম দিনে হার দেখে বাংলাদেশ। সেঞ্চুরিয়নে হার আরও আগে। তৃতীয় দিনেই শেষ টাইগারদের লড়াই। প্রথম ইনিংসে মাত্র ৯১ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসেও প্রতিরোধ গড়তে পারেনি বাংলাদেশ দল।

১৮৪ রানে থামে সফরকারীরা। ইনিংস ও ২১৯ রানের বড় হারে দক্ষিণ আফ্রিকার মাটিতে দুই ম্যাচ টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ নাজমুল হোসেন শান্তের দল। সেঞ্চুরিয়ন টেস্ট শুরুর প্রথম দিনে আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৯১ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ব্যাটারদের এমন ভরাডুবির পর বাংলাদেশের জয় কিংবা ড্রয়ের সম্ভাবণা অনেকটাই শেষ হয়ে যায়। এরপর সময় যত গড়িয়েছে বাংলাদেশের সম্ভাবণা তত কমেছে। তৃতীয় দিনের শুরুতে ব্যাটিংয়ে নামা এসে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা।

৪০৩ রানে পিছিয়ে ব্যাট করতে নেমে বাংলাদেশ ভালো শুরু পায়। মাহফিজুল ইসলাম রবিন ও তানজিদ হাসান তামিম ৫৮ রানের উদ্বোধনী জুটি গড়েন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওপেনিংয়ে এটিই বাংলাদেশের সর্বোচ্চ। ২০০২ সালে আল শাহরিয়ার ও হান্নান সরকারের ৫২ রানের রেকর্ড ভাঙেন তারা। দুজনই একবার করে জীবন পেয়েছিলেন। কিন্তু সুযোগ কাজে লাগিয়ে ইনিংস বড় করতে পারেননি। তানজিদ ২৯ ও মাহফিজুল ৩৮ করে আউট হন। দুই ওপেনারের বিদায়ের পর সাজঘরে ফেরেন অভিজ্ঞ মুমিনুল হক। টানা চার ইনিংসে ব্যর্থ এ বাঁহাতি ব্যাটার। দুই টেস্টে মুমিনুল ব্যাট থেকে এসেছে ১৯ রান। দুইবার শূন্য রানে আউট হন তিনি। পাঁচে ব্যাট করতে নামা তাওহীদ হৃদয় ব্যাট চালান আক্রমণাত্মক মেজাজে।

৩৩ বলে ৪১ রানের ইনিংস খেলে রাবাদার বলে গালিতে ক্যাচ দিয়ে ফেরেন ডানহাতি এ ব্যাটার। এরপর যেন মুল্ডার শো। প্রথম ইনিংসে সেঞ্চুরি পাওয়া এ ব্যাটার বল হাতেও টাইগারদের হতাশার কারণ হন। মুল্ডারের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন লিটন কুমার দাস, জাকের আলী ও শরীফুল ইসলাম। পরপর দুই বলে জাকের ও শরীফুলকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি করেছিলেন মুল্ডার। তাসকিন শেষ বল ঠেকিয়ে হ্যাটট্রিক হতে দেননি। এরপর ডাউন দ্যা উইকেটে এসে খেলতে গিয়ে আউট হন দলীয় অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ১০১ বলে ৩৪ রানের ইনিংস খেলেন তিনি। ব্যাট হাতে সংগ্রাম করা শান্ত শেষ ১২ ইনিংসে ফিফটি পেয়েছেন কেবল একটি। এরপর তাসকিন ও খালেদ আহমেদকে ফিরিয়ে বাংলাদেশকে ১৮৪ রানে থামান মুল্ডার। ১১ ওভারে ৩১ রান খরচায় ৭ উইকেট নেন তিনি। ইনিংস ও ২১৯ রানের হারে হোয়াইটওয়াশের লজ্জায় পুড়ে টাইগাররা। এ নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৮ টেস্টে ১৬টিতেই হারলো বাংলাদেশ, বাকি দুটি ড্র।

নিজেদের মাঠে বাংলাদেশের বিপক্ষে এটি প্রোটিয়াদের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে পাওয়া জয়। ২০১৭ সালে ব্লুমফন্টেইনে ইনিংস ও ২৫৪ রানের জয় তাদের সর্বোচ্চ। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটারদের নাকানিচুবানি খাওয়ানো মুল্ডার বাংলাদেশের বিপক্ষে টেস্টে প্রোটিয়া বোলারদের সেরা বোলিং ফিগারের (৭/৩১) রেকর্ড গড়েছেন। এর আগে এ রেকর্ডটি ছিল কেশব মহারাজের।

২০২২ সালে ডারবানে ৩২ রানে ৭ উইকেট নেন এ স্পিনার। এছাড়া এক টেস্টে সেঞ্চুরি ও ৭ উইকেট নেয়া ষষ্ঠ বোলারের কীর্তি গড়েছেন মুল্ডার। এই সিরিজে বাংলাদেশের ব্যাটারদের সমস্যাগুলো চোখে পড়ার মতো। টপ অর্ডার পেস ও সুইংয়ের সামনে বারবার ব্যর্থ। মিডল অর্ডারে ধারাবাহিকতা নেই। বোলাররা বড় জুটি ভাঙতে পারেননি। ফিল্ডিংয়ে ক্যাচ ছাড়ার প্রবণতা কমেনি। আরেকটি টেস্টে হার, আরও একটি সিরিজে হোয়াইটওয়াশ। সামনে এখন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। টেস্টে এই ব্যর্থতা বাকি দুই সিরিজে আড়াল হয় কিনা সেটিই দেখার।