ভোলার লালমোহন উপজেলায় চরের জমির মালিকানা ও দখল নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। জমিতে তরমুজ চাষের প্রস্তুতি নিতে গিয়ে হামলা, মারধর, প্রাণনাশের হুমকি ও ক্ষতিসাধনের চেষ্টার অভিযোগে ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো. জাকির হোসেনসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন মো. ফারুক নামের এক ভুক্তভোগী। তিনি বোরহানউদ্দিন উপজেলার পক্ষীয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বোরহানগঞ্জ এলাকার বাসিন্দা। ভোলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন তিনি। মামলার অভিযুক্তরা হলেন জাকির হোসেন, মো. কবির, মো. শিপন, মো. করিম ও মো. হোসেন। আদালতে দাখিল করা মামলায় ভুক্তভোগী ফারুক উল্লেখ করেন, লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের জে.এল. ২৩ নম্বর মৌজার এসএ ১৩০০ নম্বর খতিয়ানের ৯ একর ৪০ শতাংশ জমির মালিক তিনি ও তার পরিবারের সদস্যরা।
জমিটির এসএ ৭২৬২ নম্বর দাগের ভূমি সিকস্তি থেকে পয়স্তি হলে তার বাবা আব্দুল মান্নান মিসকেস দায়ের করেন। পরবর্তী সময়ে ১৯৮৪ সালের ৩০শে জানুয়ারি তারা ওই জমির মালিকানা লাভ করেন। মামলায় আরও বলা হয়, ফারুকের বাবার মৃত্যুর পর ওয়ারিশসূত্রে তিনি ও পরিবারের অন্য সদস্যরা জমিটির মালিকানা ও ভোগদখলের অধিকার পান। তবে ২০০৯ সালে বিবি গং উপজেলা ভূমি অফিসের মাধ্যমে জমিটি নিজেদের নামে নামজারি করান। পরে বিষয়টি জানতে পেরে তারা ভূমি অফিসে মিসকেস দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে ১৩০০ নম্বর খতিয়ানে করা ওই নামজারি বাতিল করা হয় বলে দাবি করেন বাদী ফারুক। নামজারি বাতিলের পরও জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধের অবসান হয়নি; বরং প্রতিপক্ষরা বিভিন্ন সময়ে তাদের হয়রানি ও ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছেন।
মামলায় ফারুকের অভিযোগ অনুযায়ী, গত ৪ঠা নভেম্বর সকালের দিকে ওই জমিতে তরমুজ চাষের প্রস্তুতি নিতে যান। এ সময় বিএনপি নেতা জাকির হোসেনের নেতৃত্বে মামলার অন্য আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালান। এতে তিনি আহত হন বলেও উল্লেখ করা হয়। এ সময় তাকে প্রাণনাশের হুমকিও দেয়া হয়। এসব অভিযোগে বিএনপি নেতা জাকির হোসেনসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা করেন ফারুক। মামলায় উল্লেখ করা অভিযোগের ব্যাপারে ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, চরের জমির বিষয়ে আমি কিছুই জানি না। যারা অভিযোগ করেছেন, তাদের জিজ্ঞেস করেন; তারা আমাকে চেনেন কি না। এই জমির বিষয়ে আমার কিছুই জানা নেই। এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম মজুমদার বলেন, মামলার কপিটি এখনো আমি পাইনি। কপি পেলে নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
