দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে সেঞ্চুরি করে আইসিসি টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে বড় উন্নতি হয়েছে লিটন কুমার দাস ও তাওহীদ হৃদয়ের। গতকাল প্রকাশিত হালনাগাদ র্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়ে ২৪ নম্বরে উঠেছেন লিটন। আর এক লাফে ২৮ ধাপ উন্নতি করে ৩৩ নম্বরে জায়গা করে নিয়েছেন হৃদয়। প্রোটিয়াদের বিপক্ষে প্রথম ইনিংসে ১৭৯ বলে ১২০ রান করেন লিটন। হৃদয়ের ব্যাট থেকে আসে ২২৭ বলে ১৩৭ রানের দুর্দান্ত ইনিংস। তবে পিছিয়েছেন বাংলাদেশের অন্য ব্যাটাররা।
ধারাবাহিক ব্যর্থতায় মুশফিকুর রহীম চার ধাপ নেমে ২৮ নম্বরে, নাজমুল হোসেন শান্ত তিন ধাপ পিছিয়ে ৩৫ নম্বরে। সবচেয়ে বড় পতন মুমিনুল হকের। ১৮ ধাপ পিছিয়ে ৫৬ নম্বরে নেমে গেছেন তিনি। টেস্ট ব্যাটারদের শীর্ষ দুই স্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক ও জো রুট। বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ৬৮ রান করে এক ধাপ এগিয়ে তিন নম্বরে উঠেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের পারফরম্যান্সে ভারতের ঋষভ পন্ত, শুভমান গিল ও যশস্বী জয়সওয়ালও এগিয়েছেন। পন্ত এক ধাপ এগিয়ে ছয়ে, গিল তিন ধাপ উন্নতিতে সাতে এবং জয়সওয়াল পাঁচ ধাপ এগিয়ে নয়ে উঠেছেন।
এ ছাড়া রায়ান রিকেলটন, গ্লেন ফিলিপস ও সোনাল দিনুশা টেস্ট ব্যাটারদের তালিকায় ক্যারিয়ারসেরা অবস্থানে পৌঁছেছেন। টেস্ট বোলারদের তালিকায় তিন ধাপ এগিয়ে যৌথভাবে দুই নম্বরে উঠেছেন ভারতের জাসপ্রিত বুমরাহ। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে পাঁচ উইকেট নেওয়ায় ইংল্যান্ডের অলি রবিনসনের সঙ্গে এই অবস্থানে আছেন তিনি। বাংলাদেশের বিপক্ষে আট উইকেট নিয়ে দুই ধাপ এগিয়ে ছয়ে উঠেছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা। পাকিস্তানের মোহাম্মদ আব্বাসও দুই ধাপ এগিয়ে ১২ নম্বরে উঠেছেন। টেস্ট অলরাউন্ডারদের তালিকায় তিন ধাপ এগিয়ে দশে রাবাদা, চার ধাপ উন্নতিতে ১২ নম্বরে গ্লেন ফিলিপস।
শীর্ষস্থান ধরে রেখেছেন দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেন। ওয়ানডে র্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে ইংল্যান্ডের ক্রিকেটারদের। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে সেঞ্চুরি করে তিন ধাপ এগিয়ে ব্যাটারদের তালিকায় চারে উঠেছেন বেন ডাকেট, যা তার ক্যারিয়ারসেরা অবস্থান। বোলারদের তালিকায় ১০ ধাপ এগিয়ে ২৩ নম্বরে গাস অ্যাটকিনসন এবং ১৪ ধাপ উন্নতিতে ৩৯ নম্বরে লিয়াম ডসন। আর পাঁচ ধাপ এগিয়ে ৪৭ নম্বরে উঠেছেন উইল জ্যাকস। তিনজনই পেয়েছেন ক্যারিয়ারসেরা র্যাঙ্কিং।
