পাল্টে যাচ্ছে নারী লীগের শক্তির সমীকরণ

নতুন দুই ক্লাবের তারকানির্ভর দল গঠন

পাল্টে যাচ্ছে নারী লীগের শক্তির সমীকরণ

ফন্ট সাইজ:

কবে শুরু হবে নারী ফুটবল লীগ, তার দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। দলবদলের তারিখও ঘোষণা করেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে লীগ শুরুর অপেক্ষায় বসে নেই নতুন করে নারী ফুটবলে নাম লেখানো দুটি ক্লাব। দল গঠনে এরই মধ্যে তৎপর হয়ে উঠেছে এআরকে ও চাঁদপুর স্পোর্টিং ক্লাব। তারকানির্ভর দল গড়ার পরিকল্পনায় তাদের আগ্রাসী অবস্থান আসন্ন নারী লীগের শক্তির সমীকরণ পাল্টে দিতে পারে।

গত মৌসুমে শিরোপা লড়াইয়ে মুখোমুখি হয়েছিল রাজশাহী স্টারস ও ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। নতুন মৌসুমে শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ রাজশাহীর সামনে, আর রানার্সআপ ফরাশগঞ্জ এখনো দল গোছানোর কাজ শুরু করতে পারেনি। এরই মধ্যে নতুন দুই ক্লাবের খেলোয়াড় সংগ্রহের তৎপরতা পুরোনো দলগুলোর জন্য বাড়তি চাপ তৈরি করেছে। বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহীর নতুন মৌসুমের পরিকল্পনায় বড় অনিশ্চয়তা বিদেশি খেলোয়াড়দের নিয়ে। গতবারের শিরোপাজয়ী দলের নেপালি দুই সদস্য বিমলা বিকে ও দীপা শাহীর ভবিষ্যৎ এখনো নিশ্চিত নয়।

তাঁদের বিকল্প খুঁজতে নেপালের পাশাপাশি আফ্রিকার কয়েকটি দেশের খেলোয়াড়দের দিকেও নজর রেখেছে ক্লাবটি। তবে দেশীয় তারকাদের মধ্যে রুপনা চাকমা, আফঈদা খন্দকার ও স্বপ্না রানীকে ধরে রাখতে চায় রাজশাহী। এই তিনজনকে ঘিরেই শিরোপা ধরে রাখার নতুন অভিযান সাজানোর পরিকল্পনা তাদের। রাজশাহীর বিদেশি খেলোয়াড়দের পাওয়ার প্রতিযোগিতায় নেমেছে চাঁদপুর স্পোর্টিং ক্লাব। শুধু বিমলা ও দীপা নন, বর্তমান চ্যাম্পিয়ন দলের অন্যতম সদস্য ঋতুপর্ণা চাকমাকেও দলে নিতে চায় নতুন এই ক্লাব।

পাশাপাশি শিউলি আজিম ও কৃষ্ণা রানী সরকারকে দলে নেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। নারী ফুটসাল লীগে খেলা চাঁদপুর এবার ফুটবল লীগেও শক্তিশালী দল গড়তে চায়। জাতীয় দলের বাইরে থাকা সাবিনা খাতুন ও মাসুরা পারভীনকে দলে ভেরাতে চায় নবাগত দল এআরকে। এই মুহুর্তে মালদ্বীপে লীগ খেলছেন সাবিনা-মাসুরারা। সেখানকার লীগ শেষ করে ডিসেম্বরের মাঝামাঝি তাঁদের দেশে ফেরার কথা। এ ছাড়া মনিকা চাকমা ও মারিয়া মান্ডাকে দলে নেওয়ার চেষ্টা চালাচ্ছে ক্লাবটি। নিলুফা ইয়াসমিন নীলা, শামসুন্নাহার সিনিয়র, শামসুন্নাহার জুনিয়র, মাতসুশিমা সুমাইয়া ও তহুরা খাতুনের সঙ্গে মৌখিক সমঝোতা হয়েছে বলে জানা গেছে। সব মিলিয়ে জাতীয় দলের একঝাঁক পরিচিত মুখ নিয়ে শক্তিশালী দল গড়ার লক্ষ্য এআরকের।

নতুন দুই ক্লাবের এই তৎপরতায় সবচেয়ে বেশি অনিশ্চয়তা তৈরি হয়েছে গতবারের রানার্সআপ ফরাশগঞ্জকে ঘিরে। ফাইনালে খেলা দলটি এখনো খেলোয়াড় ধরে রাখা কিংবা নতুন করে দল সাজানোর কাজে দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারেনি। অথচ তাদের একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে দলে নেওয়ার চেষ্টা করছে এআরকে। ফলে গত মৌসুমের সাফল্যের দলটি এবার কতটা ধরে রাখতে পারবে, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। আরাফাত রহমান কোকোর নামের আদ্যক্ষরে গঠিত এআরকে এবং চাঁদপুর স্পোর্টিং ক্লাব-দুটি দলই আগে নারী ফুটসাল লীগে খেলেছে। এবার নারী ফুটবল লীগে তাদের অংশগ্রহণ প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করতে পারে।

গত আসরে ১০টি দল অংশ নিলেও এবার দলসংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে বাফুফের। নতুন ক্লাবগুলোর অংশগ্রহণের জন্য ২০ লাখ টাকার পে-অর্ডার জমা দেওয়ার শর্ত রাখা হয়েছে। ডিসেম্বরের শেষ সপ্তাহে নারী লীগ শুরুর লক্ষ্য বাফুফের। তবে তার আগেই দল গঠনের বাজারে নতুন ক্লাবগুলোর তৎপরতা পুরনো দলগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। মাঠে খেলা শুরুর আগেই নারী লীগের দলবদলের লড়াইয়ে জমে উঠেছে প্রতিদ্বন্দ্বিতা।