মেহেরপুরে জমি বিরোধে নারীকে কুপিয়ে হত্যা দুই ছেলে আহত

ফন্ট সাইজ:

মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জেরে তহুরা খাতুন নামের এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের দুই ছেলে রমজান মহলদার ও হানিফ মহলদার গুরুতর আহত হয়েছেন। বুধবার সকালে সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে দু’টি পরিবারের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে একটি মামলা চলমান রয়েছে। বুধবার সকালে বিরোধপূর্ণ ওই জমিতে প্রতিপক্ষের লোকজন সীমানাপ্রাচীর নির্মাণের কাজ শুরু করছিল। ওই কাজে রমজান মহলদার, হানিফ মহলদার ও তাদের মা তহুরা খাতুন বাধা দেন। এ সময় প্রতিপক্ষের লোকজন দা, শাবলসহ দেশীয় অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

হামলায় তহুরা খাতুন গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত রমজান ও হানিফকে উন্নত চিকিৎসার জন্য মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত তহুরা খাতুনের নাতি হাসিবুল অভিযোগ করে বলেন, ইসলাম মহলদার (৬৫), জানদার মহলদার, হোসেন মহলদার, শরিফুল, জহিরুল, জাহিদসহ আরও কয়েকজন জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তার দাদিকে কুপিয়ে হত্যা করেছেন। এ সময় তার দুই চাচাও গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা।