আর্জেন্টিনার ফুটবল ঐতিহ্য ও প্রশিক্ষণ পদ্ধতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেলো বাংলাদেশের খুদে ফুটবলাররা। আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশনের (এএফএ) আন্তর্জাতিক প্রতিনিধি দলের সরাসরি তত্ত্বাবধানে বিশেষ প্রশিক্ষণ সেশনে অংশ নিয়েছে তারা। গতকাল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভবনের টার্ফে আয়োজন করা হয় এই ‘ইয়ুথ ফুটবল ক্লিনিক’। ব্যবহারিক এই প্রশিক্ষণ কার্যক্রমে এএফএর তিন সদস্যের প্রতিনিধি দল তরুণ ফুটবলারদের বিভিন্ন দিকনির্দেশনা দেন। প্রতিনিধি দলে ছিলেন সংস্থাটির বাণিজ্যিক পরিচালক মার্টিন তুলা এবং দুই স্পোর্টস ম্যানেজার আলেহান্দ্রো লিনো ও নিকোলাস সানালিত্রো।
তাদের কাছ থেকে আর্জেন্টিনার ফুটবল প্রশিক্ষণ পদ্ধতি সম্পর্কে জানার পাশাপাশি মাঠে বিভিন্ন কৌশল অনুশীলনের সুযোগ পায় বাংলাদেশের খুদে ফুটবলাররা। বিশ্ব ফুটবলে আর্জেন্টিনার রয়েছে সমৃদ্ধ ইতিহাস। লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়ার মতো তারকা ফুটবলারদের দেশটির প্রশিক্ষণ সংস্কৃতি ও ফুটবল দর্শন সম্পর্কে সরাসরি ধারণা পাওয়া তরুণদের জন্য ছিল বিশেষ অভিজ্ঞতা।
এই আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক মানের ফুটবল প্রশিক্ষণের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে নিজেদের দক্ষতা বিকাশের অনুপ্রেরণা জোগানোর চেষ্টা করেছে বাফুফে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এবং বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। এ ছাড়া বাফুফের সহসভাপতি মো. ওয়াহিদ উদ্দিন চৌধুরী (হ্যাপি) এবং নির্বাহী কমিটির সদস্য জাকির হোসেন চৌধুরী, সত্যজিৎ দাস রুপু, ইমতিয়াজ হামিদ (সবুজ) ও শাখাওয়াত হোসেন ভূঁইয়া (শাহীন) উপস্থিত ছিলেন।
আর্জেন্টিনার ফুটবল ঐতিহ্য, আধুনিক প্রশিক্ষণ কৌশল ও আন্তর্জাতিক পর্যায়ের কোচিং অভিজ্ঞতার সঙ্গে বাংলাদেশের তরুণ প্রজন্মকে পরিচিত করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। বাফুফের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ তরুণ ফুটবলারদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি দেশের ফুটবলে আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময়ের নতুন সুযোগ তৈরি করবে।
