ঈশ্বরদী-ঢাকা রেলপথে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতির দাবিতে অবরোধ করেছে স্থানীয় জনতা। গতকাল সকাল থেকে এ কর্মসূচি পালন করে তারা। এ সময় রেলপথ ও স্টেশনের প্ল্যাটফরমে দাঁড়িয়ে অবরোধ করে মানববন্ধন করায় রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি আন্তঃনগর এক্সপ্রেস লাহিড়ী মোহনপুর স্টেশন অতিক্রমকালে আটকা পড়ে। পাশাপাশি ঢাকা-রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি সিরাজগঞ্জের সায়দাবাদ স্টেশনে দাঁড়িয়ে থাকে এবং পাবনা গোধূলী এক্সপ্রেস ট্রেনটিও আটকা পড়ে।
লাহিড়ী মোহনপুর রেলওয়ে স্টেশন মাস্টার রিজন হোসেন জানান, পাবনা এক্সপ্রেসসহ সকল আন্তঃনগর ট্রেনের লাহিড়ী মোহনপুর স্টেশনে যাত্রাবিরতির দাবিতে সকাল ৮টা থেকে স্থানীয় লোকজন রেলপথের উপর দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালন করায় ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ যায়। প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর বেলা সাড়ে ১১ টার দিকে স্থানীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম খানের আশ্বাসে বিক্ষোভকারী কর্মসূচি তুলে নেয়ায় ফের ট্রেন চলাচল স্বাভাবিক হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, লাহিড়ী মোহনপুর সিরাজগঞ্জের গুরুত্বপূর্ণ ব্যবসায়ী কেন্দ্র। চলন বিল বেষ্টিত এই স্টেশন বাজারে সিরাজগঞ্জের সবচেয়ে বেশি মাছ কেনাবেচা হয়ে থাকে। এখান থেকে দেশের বিভিন্ন স্থানে বিপুল পরিমাণ মাছ ব্যবসায়ীরা পাঠিয়ে থাকেন। কিন্তু কোনো আন্তঃনগর ট্রেনের লাহিড়ী মোহনপুর স্টেশনে যাত্রাবিরতি না থাকায় এখানকার লোকজন ও ব্যবসায়ীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
তারা চলতি সপ্তাহে শুরু হওয়া পাবনা থেকে ঢাকার মধ্যে চলাচলকারী আন্তঃনগর পাবনা গোধূলী এক্সপ্রেস ও রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেসের আপ ও ডাউন-উভয় ক্ষেত্রেই লাহিড়ী মোহনপুর স্টেশনে যাত্রাবিরতির দাবি জানান।
পাকশী রেলওয়ে বিভাগের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) মোশাররফ হোসেন ভূঁইয়া জানান, আন্দোলনকারীদের কোনো আবেদন আমরা পাইনি। কাউকে কিছু না জানিয়ে এভাবে মানববন্ধনের নামে রেলপথ অবরোধ করে ট্রেন যোগাযোগ বন্ধ করে দেয়া সম্পূর্ণ অবৈধ। পরে রেলওয়ে পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে ট্রেন অবরোধকারীদের সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করেন বলে তিনি জানান।
