রিকশা শ্রমিক মো. হাবিবুর রহমানের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও পাঁচ দফা দাবি বাস্তবায়নে মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করেন। জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সুহেল মিয়া ও সহ-সভাপতি মো. গিয়াস উদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গতকাল দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এই স্মারকলিপি প্রদান করেন।
জেলা প্রশাসকের পক্ষে স্থানীয় সরকারের উপ-পরিচালক রুবেল মাহমুদ স্মারকলিপিটি গ্রহণ করে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। এ সময় রিকশা শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন- ইউনিয়নের উপদেষ্টা জামাল মিয়া, সহ-সাধারণ সম্পাদক মো. জসিমউদ্দিন আহমেদ ও মিজান মিয়া এবং ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ আলী আছকর, প্রচার সম্পাদক আশরাফ আলী, বাছিদ মিয়া, সাঈদ মিয়া, কিসমত মিয়া, শাহিন মিয়া। এ ছাড়াও স্মারকলিপি প্রদানের সময় নিহত হাবিবের মা নাসিমা বেগম ও খালা আসমা বেগম উপস্থিত ছিলেন। স্মারকলিপির অনুলিপি পুলিশের মহাপরিদর্শক, ডিআইজি, সিলেটের বিভাগীয় কমিশনার, মৌলভীবাজারের মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ১৬ই নভেম্বর শহরের রিকশা শ্রমিক কিশোর মো. হাবিবুর রহমানকে নৃশংসভাবে শ্বাসরোধ করে খুন করা হয়। মৌলভীবাজার শহরের শিমুলতলা এলাকার রিকশা শ্রমিক হাবিব প্রতিদিনের মতো ওই দিন রিকশা নিয়ে রুটি-রুজির জন্য বের হলেও আর ফিরে আসেনি। পরদিন দুপুরে পুলিশ মৌলভীবাজার শহরতলীর কালেঙ্গা রোডের সোনাপুর এলাকা থেকে একটি লাশ উদ্ধার করে এবং পরবর্তীতে লাশের পরিচয় জানা যায়- এটা নিখোঁজ রিকশা শ্রমিক হাবিবের লাশ। যাত্রীবেশে দুর্বৃত্তরা রিকশা শ্রমিক হাবিবুর রহমানের রিকশায় উঠে তাকে নিয়ে বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করে এবং সুযোগ বুঝে দিনের কোনো এক সময় গলায় পেঁচিয়ে ও নাক-মুখ বন্ধ করে শ্বাসরোধ করে হত্যা করে।
একমাত্র পুত্র হাবিবকে হারিয়ে স্বামীহারা নাসিমা বেগমের অবস্থা পাগলপ্রায়। মা-ছেলের সংসারে হাবিবই ছিলেন একমাত্র উপার্জনকারী। হাবিব এই রিকশাটি কিছুদিন আগে কিস্তিতে কিনে জীবিকা নির্বাহ করছিলেন। রিকশার সম্পূর্ণ কিস্তি পরিশোধের আগেই দুর্বৃত্তরা হাবিবকে খুন করে রিকশার ৪টি ব্যাটারি চুরি করে ৯ হাজার ৫০০ টাকাতে বিক্রি করে দেয়। খুনিরা লাশ গুম করার উদ্দেশ্যে মৌলভীবাজার শহরতলীর কালেঙ্গা রোডের সোনাপুর এলাকায় মো. হাবিবুর রহমানের লাশ ফেলে যায়। এ ঘটনায় রিকশা শ্রমিকদের মাঝে আতঙ্ক ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক সময়ে শহরে রিকশা শ্রমিকরা প্রায়শই দুর্বৃত্তদের দ্বারা চুরি, ছিনতাই ও শারীরিক নির্যাতনের শিকার হচ্ছেন। তারা খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
