ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় মাছের খামারের বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূ ও তার ভাসুরের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার চৌদার পূর্ব উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার চৌদার গ্রামের দলি ব্যাপারী বাড়ির হারুন অর রশিদ ওরফে হারু (৫০) এবং মাওলানা শায়েখ সেকান্দর আলীর স্ত্রী আফরোজা (৪৫)। নিহত হারুন অর রশিদ ওরফে হারু মাওলানা শায়েখ সেকান্দর আলীর চাচাতো ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাতে মাওলানা শায়েখ সেকান্দর আলী মাছ চুরি ঠেকাতে নিজ পুকুরের চারপাশে জিআই তার দিয়ে বিদ্যুৎ সংযোগ দেন। তবে, সকালে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে ভুলে যান। এদিকে মাওলানা শায়েখ সেকান্দর আলীর স্ত্রী সকালে ওই পুকুরপাড়ে লাউ গাছের মাচা থেকে লাউ আনতে যায়। এ সময় অসাবধনতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে যান।
বিদ্যুতের তারে জড়িয়ে আফরোজাকে ছটফট করতে দেখে হারুন অর রশিদ ওরফে হারু তাকে বাঁচাতে যান। এতে দুইজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ফুলবাড়ীয়া থানার সহকারী এএসআই মো. ইউনুস বলেন, নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
