স্ত্রীকে পুড়িয়ে হত্যা, স্বামী ও সতীনের ভাইয়ের মৃত্যুদণ্ড

ফন্ট সাইজ:

সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রী নাছিমা খাতুনকে নির্যাতনের পর গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে হত্যার দায়ে স্বামী শওকত আলী ও তার দ্বিতীয় স্ত্রীর ভাই শফিকুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় ঘোষণা করেন।
ট্রাইব্যুনালের বিশেষ সরকারী কৌঁসুলি (পিপি) এডভোকেট কামরুজ্জামান ভুট্টো রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত দুই আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। আদালত সূত্রে জানা যায়, ২০০২ সালে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়নের কারিগরপাড়ার রইচ উদ্দীনের মেয়ে নাছিমা খাতুনের সঙ্গে মাধবকাটির আবুল কাশেমের ছেলে শওকত আলীর বিয়ে হয়। তাদের সংসারে দু’টি সন্তান জন্ম নেয়। বিয়ের পর শওকত আলী ২ লাখ টাকা যৌতুকের দাবিতে নাছিমাকে নির্যাতন শুরু করেন। একপর্যায়ে নাছিমা বাবার বাড়ি থেকে ১ লাখ টাকা এনে স্বামীকে দিলেও নির্যাতন বন্ধ হয়নি। এর মধ্যে শওকত আলী কুখরালী কলোনিপাড়ার আতিয়ার রহমানের মেয়ে হাসিনা খাতুনকে দ্বিতীয় বিয়ে করেন।
২৯শে আগস্ট সন্ধ্যা পৌনে ৮টার দিকে শওকত আলী, তার দ্বিতীয় স্ত্রী হাসিনা খাতুন, হাসিনার ভাই শফিকুল ইসলাম ও মা ছবিরন খাতুন ইটাগাছায় নাছিমার ভাড়া বাসায় যান। সেখানে তারা নাছিমাকে মারধর করেন। একপর্যায়ে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়। নাছিমার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আদালত সূত্র জানায়, মৃত্যুর আগে নাছিমা খাতুন একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দেন। মামলার বিচারিক কার্যক্রমে সাক্ষ্যপ্রমাণ ও ওই জবানবন্দি পর্যালোচনা শেষে আদালত শওকত আলী ও শফিকুল ইসলামকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় শওকতের দ্বিতীয় স্ত্রী হাসিনা খাতুন ও তার মা ছবিরন খাতুনকে খালাস দেয়া হয়েছে।