জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, সরকারের ব্যর্থতার কারণে পতিত ফ্যাসিবাদী শক্তি আবারো মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। তারা পুরনো কায়দায় অগ্নিসন্ত্রাস ও নাশকতার মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে। তাদের প্রতিরোধে জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গতকাল সন্ধ্যায় নগরীর আম্বরখানা পয়েন্টে জামায়াতের কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর জামায়াত আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। এর আগে গতকাল বুধবার বাদ জোহর নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে সিলেট জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে মিছিল-পূর্ব বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে, মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী ও জেলা সেক্রেটারি মো. জয়নাল আবেদীনের যৌথ পরিচালনায় উক্ত মিছিল-পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াও এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সিলেট জেলা ও মহানগর জামায়াতের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে সিলেট জেলার বিভিন্ন থানা ও পৌর শাখা এবং মহানগর আওতাধীন সকল থানার দলীয় নেতাকর্মী মিছিল সহকারে সমাবেশে যোগদান করেন। সমাবেশ শেষে বিশাল মিছিল রেজিস্ট্রারি মাঠ থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আম্বরখানা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে সমাপ্ত হয়। মিছিল-পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন- জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, সিলেট অঞ্চল টিম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, অধ্যাপক আব্দুল হান্নান, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, ডাক্তার ফখরুল ইসলাম, জেলা নায়েবে আমীর সৈয়দ ফয়জুল্লাহ বাহার, মহানগর সহকারী সেক্রেটারি এডভোকেট মো. আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা মাসুক আহমদ, জামায়াত নেতা আব্দুল্লাহ আল মাহমুদ, জিন্নুরাইন আহমদ চৌধুরী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজু ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় সভাপতি মাসুদ রানা তুহিন। সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান তার বক্তব্যে বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় উপেক্ষার কারণে জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি হয়েছে। এ সুযোগে নিষিদ্ধ আওয়ামী লীগ দেশে একের পর এক নাশকতা চালানোর সুযোগ পাচ্ছে। সভাপতির বক্তব্যে মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, জনরোষে পালিয়ে যাওয়া পতিত ফ্যাসিস্ট আওয়ামী অপশক্তির রাজনীতিতে ফিরে আসার কোনো সুযোগ নেই। জুলাই যোদ্ধারা তাদের অপতৎপরতা রুখে দিতে প্রস্তুত রয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার কারণে পতিত ফ্যাসিবাদ দেশে নৈরাজ্য সৃষ্টির সুযোগ পাচ্ছে।
