চট্টগ্রামে নিলামে উঠছে ৪৭ টন আপেল

ফন্ট সাইজ:

চট্টগ্রাম কাস্টম্স হাউসের নিলামে বিক্রি করা হচ্ছে ৪৭ হাজার ৪৪০ কেজি তাজা আপেল। দু’টি লটে ভাগ করে এসব আপেলের সংরক্ষিত মূল্য নির্ধারণ করা হয়েছে ৯২ লাখ ৮৩ হাজার ২৩৮ টাকা। প্রতিটি লটের মূল্য ধরা হয়েছে ৪৬ লাখ ৪১ হাজার ৬১৯ টাকা ২১ পয়সা। বৃহস্পতিবার অনলাইন ই-নিলামের মাধ্যমে আপেলগুলো বিক্রি করা হবে। নিলামে অংশ নিয়ে সর্বোচ্চ দরদাতা এসব আপেল কেনার সুযোগ পাবেন।
চট্টগ্রাম কাস্টম্স হাউসের নিলাম বিভাগের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৬শে নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত অনলাইনে দরপত্র জমা দেয়া যাবে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-অকশন ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহী ব্যক্তিরা নিলামে অংশ নিতে পারবেন। এ ছাড়া চট্টগ্রাম কাস্টম্স হাউসের ওয়েবসাইটেও নিলামসংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নিলামে অংশ নিতে জাতীয় পরিচয়পত্র, কর শনাক্তকরণ নম্বরের (টিআইএন) সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। একই সঙ্গে নির্ধারিত জামানতও পরিশোধ করতে হবে। চট্টগ্রাম কাস্টম্স হাউসের সহকারী কমিশনার নাজমুল হোসেন বলেন, বন্দরের কার্যক্রম সচল রাখা, পণ্যজট কমানো, সরকারি রাজস্ব বাড়ানো এবং আমদানি করা পণ্যের দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে এ নিলামের আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় নিলাম সম্পন্ন হলে সরকারি রাজস্ব আদায়ের পাশাপাশি বন্দরের সংরক্ষণ সক্ষমতা ও পণ্য ব্যবস্থাপনাও আরও গতিশীল হবে।