ডিসেম্বর মাসকে ঘিরে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে কেউ যাতে দেশে কোনো প্রকার নাশকতা সৃষ্টি করতে না পারে সেলক্ষ্যে দিনাজপুরের হিলি সীমান্তে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বিজিবি। সীমান্তে টহল জোরদার, সিসি ক্যামেরা ও ড্রোন ওয়াচ টাওয়ারের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারিসহ সার্বিক ব্যবস্থা গ্রহণ করছে বিজিবি।
২০-বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লতিফুল বারী জানান, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ রোধ, চোরাচালান, নারী ও শিশু পাচার রোধে সীমান্তে বিজিবি সর্বদায় সতর্কাবস্থায় থাকে। সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতৃবৃন্দের বেনাপোল সীমান্ত পরিদর্শনের পর সীমান্তে আরও নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়া ডিসেম্বর মাসকে ঘিরে দেশে নাশকতা সৃষ্টির একটা গুজব রটানো হয়েছে।
জয়পুরহাট ২০-বিজিবি ব্যাটালিয়ন অধীনস্থ হিলি সীমান্তে বিজিবির নিয়মিত টহলের পাশাপাশি বাড়তি টহল দেয়া হচ্ছে। যেসব জায়গায় কাঁটাতারের বেড়া নেই সেখানে ড্রোন সার্চলাইট দিয়ে নজরদারি করা হচ্ছে। পাসপোর্ট যাত্রী ও আমদানিকৃত পণ্যবাহী ট্রাক চেকআপ করে প্রবেশ করানো হচ্ছে। সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ রোধ ও সীমান্ত অপরাধ দমনে সবধরনের ব্যবস্থা নিয়েছে বিজিবি।
