অগ্নিকাণ্ডে খালিয়াজুরী ইউএনও’র অফিসকক্ষ পুড়ে ছাই

ফন্ট সাইজ:

খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ইউএনও’র অফিস কক্ষের আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে গেছে। তবে আগুনে গুরুত্বপূর্ণ নথিপত্রের কোনো ক্ষতি হয়নি। পরে প্রায় দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে আনুমানিক ৩০ থেকে ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল ভোরে উপজেলা চত্বরে অবস্থিত দ্বিতল ভবনে ইউএনও’র অফিসকক্ষে আগুন দেখতে পেয়ে অফিসের নিরাপত্তার দায়িত্বে থাকাদের ডাকে ইউএনও ঘটনাস্থলে পৌঁছে মদন ফায়ার স্টেশনে খবর দেয়। সেখান থেকে ফায়ার সার্ভিস কর্মীরা পৌঁছানোর আগে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। আগুনে ইউএনও’র কক্ষসহ আরও কয়েকটি কক্ষের ব্যাপক ক্ষতি হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান অগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করে বলেন, কার্যালয়ের নিরাপত্তায় নিয়োজিত কর্মীরা দ্বিতীয় তলায় তার অফিস কক্ষে আগুন জ্বলতে দেখে চিৎকার করেন। খবর পেয়ে বাসা থেকে এসে তিনি দেখতে পান কক্ষে দাউ দাউ করে আগুন জ্বলছে। পরে স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। আগুন লাগার কারণ সম্পর্কে তিনি বলেন, দোতলার কার্যালয়ে ওঠার জন্য নিচতলার প্রবেশপথে বাইরে থেকে তালা লাগানো ছিল এবং সেখানে পর্যাপ্ত নিরাপত্তাকর্মীও দায়িত্ব পালন করছিলেন। ফলে প্রাথমিকভাবে এটি কোনো নাশকতামূলক ঘটনা নয় বলেই মনে হচ্ছে। ধারণা করা হচ্ছে কোনো বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগেছে। এ ঘটনায় আনুমানিক ৩০ থেকে ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।