ভারতকে বাংলাদেশের মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করার আহ্বান আখতারের

ফন্ট সাইজ:

জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন এমপি বলেছেন, ভারতের মাটিতে বসে, ভারতের মাটিকে ব্যবহার করে আওয়ামী সন্ত্রাসীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। ভারতের প্রতি আহ্বান, বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক করুন। নিষিদ্ধ জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসীদের উস্কানি ও দেশকে অস্থিতিশীল করার সুযোগ করে দিলে দেশের মানুষ কখনো ভারতকে গ্রহণ করবে না। বুধবার দুপুরে কাউনিয়া উপজেলার হরিশ^র বাঁধের পাড় জুলাইযোদ্ধা বিপ্লব হোসেনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
আখতার হোসেন বলেন, ভারত সরকার হাজার হাজার আওয়ামী সন্ত্রাসীদের ভারতে আশ্রয় দিয়েছে। সেই সব সন্ত্রাসীকে দেশে ফিরিয়ে দিয়ে বিচারের রায় কার্যকর করতে সরকারকে সহযোগিতা করবেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তি বাস্তবায়ন করবেন।

তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার বিষয়টি শেখ হাসিনার সঙ্গে আলাপ-আলোচনার বিষয় নয়। ভারত সরকারের সঙ্গে বাংলাদেশে বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে, সেই চুক্তির অধীনে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করা হবে। শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করেছে। তারা বাংলাদেশে আসবে আসবে বলে বিভিন্ন ধরনের কথা বলছে। শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন গর্ব করে বলেছিল শেখ হাসিনা পালায় না, সেই কথা বলে শেখ হাসিনা পালিয়ে গেছে। শেখ হাসিনা আসার যে কথা বলছে, সেই কথা বলেও সে আসবে না। কারণ শেখ হাসিনা এলে একটাই পথ ফাঁসির কাস্ট। ফাঁসির দিকে অগ্রসর হওয়া ছাড়া তার সামনে কোনো পথ খোলা নেই। শেখ হাসিনা গণহত্যা চালিয়ে যে মানবতাবিরোধী অপরাধ করেছে, দেশের মানুষ তাদের আর গ্রহণ করবে না।

এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেন বলেন, দেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে এনসিপি’র একটি প্রতিনিধিদল। চব্বিশের অভ্যুত্থানের আগে ও পরে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করে গেছে এনসিপি। দেশকে সন্ত্রাসমুক্ত রাখতে এখনো এনসিপি কাজ করবে। দেশকে গঠন করতে হলে আওয়ামী সন্ত্রাসী ও আধিপত্যবাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। সেই জায়গায় থেকে এনসিপি ঐক্যের কথা বলেছে এবং রূপরেখা প্রদানের জন্য সরকার প্রধানের কাছে আহ্বান জানিয়েছে।

তিনি বলেন, দেশের আপামর জনতার দাবি আছে, সেগুলো আমরা প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করেছি। তিনি ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করলে দেশের জনগণ উপকৃত হবে। সরকারের কাছে আহ্বান জানাই, গণভোটের গণরায় বাস্তবায়ন, গণহত্যার বিচার, সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো, গঙ্গা চুক্তি নবায়ন, জুলাইযোদ্ধাদের পুনর্বাসনে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে এনসিপি। এরপর আখতার হোসেন কাউনিয়া ডিসি ডব্লিউডিবি বাঁধ সড়ক উন্নয়নের কাজের উদ্বোধন করেন।