টুঙ্গিপাড়ায় একযোগে বিএনপি’র আরও ৬ নেতার পদত্যাগের ঘোষণা

ফন্ট সাইজ:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দলীয় কার্যক্রম ও সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে অসন্তোষের কথা জানিয়ে একযোগে বিএনপি’র ছয় নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার পাটগাতী ইউনিয়নের গিমাডাঙ্গা নতুন বাজারে সংবাদ সম্মেলন করে তারা পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগের ঘোষণা দেয়া নেতারা হলেনÑ পাটগাতী ইউনিয়ন বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক বাচ্চু শেখ, দপ্তর সম্পাদক সজীব ফকির, ধর্মবিষয়ক সম্পাদক মিজানুর রহমান, সহ-কৃষিবিষয়ক সম্পাদক শাহানুর শেখ ও সদস্য মো. আফজাল শেখ ও মোহাম্মদ জামাল মোল্লা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা বলেন, দীর্ঘদিন ধরে তারা টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়ন বিএনপি’র বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছিলেন।

তবে সাম্প্রতিক সময়ে টুঙ্গিপাড়ায় দলের কার্যক্রম ও সাংগঠনিক পরিবেশ নিয়ে তারা সন্তুষ্ট নন। এ অবস্থায় তারা প্রাথমিক সদস্যপদ সহ ইউনিয়ন বিএনপি’র পদ-পদবি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এ ছাড়া, ভবিষ্যতে বিএনপি’র কোনো অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকবেন না বলেও জানান। এ বিষয়ে পাটগাতী ইউনিয়ন বিএনপি’র সভাপতি নান্টু শেখের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। পরে জানতে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলুর মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি সাড়া দেননি।
উল্লেখ্য, এর আগে গত ১৭ থেকে ২১শে নভেম্বরের মধ্যে বিভিন্ন সময়ে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১৩ জন নেতাকর্মী সংবাদ সম্মেলন ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দেন।