পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ

ফন্ট সাইজ:

রাজশাহীর পুঠিয়ায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। মঙ্গলবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে উপজেলার বানেশ্বর ইউনিয়নের বিড়ালদহ-নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে এবং পরে ঘরে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।
বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল, পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম। সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদের স্ত্রী রুনা বেগম বলেন, ঘটনার সময় তিনি ও তার ছেলে বাড়িতে ছিলেন। গভীর রাতে অনেক লোক এসে ফ্ল্যাট বাসার দরজা ভেঙে ঘরে প্রবেশ করে।

এরপর অস্ত্রের ভয় দেখিয়ে তাদের জিম্মি করা হয়। দুর্বৃত্তরা ঘরের জিনিসপত্র ভাঙচুর করে এবং নগদ ৩০ হাজার টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। রুনা বেগম আরও বলেন, তারা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। এ সময় দুর্বৃত্তরা ঘরে আগুন ধরিয়ে পালিয়ে যায়। আগুনে বাড়ির আসবাবপত্রসহ প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে গেছে। তার স্বামী গত দুই বছর ধরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন। এ ঘটনায় থানায় অভিযোগ করবেন কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি তারা। এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, সাবেক চেয়ারম্যানের বাড়িতে অগ্নিকাণ্ড ও লুটপাটের ঘটনা সম্পর্কে তারা অবগত হয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
উল্লেখ্য, আব্দুস সামাদ কার্যক্রম নিষিদ্ধ রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। নাশকতাসহ রাষ্ট্রবিরোধী একাধিক মামলায় তিনি বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।