সন্তানকে সঙ্গে নিয়ে মঞ্জুশ্রীর এ কেমন মৃত্যু

সন্তানকে সঙ্গে নিয়ে মঞ্জুশ্রীর এ কেমন মৃত্যু

ফন্ট সাইজ:

মঞ্জুশ্রী চক্রবর্তী। সিলেটের এক অভাগা গৃহবধূ। জয়স্মিতা বিশ্বাস নামে ১১ মাস বয়সী একটি মেয়ে তার। ফুটফুটে এই শিশুর দিকে তাকালে চোখ আটকে যায়। হাসিমাখা মুখ। মেয়ের জটিল রোগে কাতর হয়ে পড়েছিলেন মঞ্জুশ্রী। কী করবেন, মেয়ে বাঁচবে তো- এমন নানা চিন্তায় অস্থির ছিলেন তিনি। শেষমেষ নিজেও হয়ে পড়ে মানসিক রোগী। কোলের মেয়েসহ মঞ্জুশ্রীর লাশ গতকাল ভোররাতে মিলে সিলেটের সুরমা নদীতে। মঞ্জুশ্রীর পাশেই পড়ে ছিল শিশু জয়স্মিতার মরদেহ। হৃদয়বিদারক ঘটনা। তবে পুলিশ সেটিকে হত্যাকাণ্ড হিসেবে মনে করছে না। ধারণা করা হচ্ছে, মানসিক রোগে আক্রান্ত হয়ে মেয়েকে নিয়ে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন মঞ্জুশ্রী। থ্যালাসেমিয়া আক্রান্ত ছিল মঞ্জুশ্রীর ছোট্ট মেয়ে জয়স্মিতার। কয়েক মাস আগে রোগ ধরা পড়ে। প্রতি মাসে রক্ত দিতে হয় মেয়েকে। সিলেট শহরতলীর সিলামে বাড়ি মঞ্জুশ্রীর। স্বামী জীবনানন্দ বিশ্বাস এনজিওতে চাকরি করেন।

জীবনানন্দ স্ত্রী ও সন্তানদের নিয়ে বসবাস করেন নগরের চন্ডিপুল এলাকায়। পরিবারের সদস্যরা জানিয়েছেন, মঞ্জুশ্রীর একমাত্র মেয়ে জয়স্মিতা বিশ্বাসের থ্যালাসেমিয়া রোগ তিন মাস আগে ধরা পড়ে। হঠাৎ মেয়ে অসুস্থ হলে তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে চিকিৎসকরা এ কথা জানান। জয়স্মিতার রক্তের গ্রুপ ‘ও’ নেগেটিভ। এই রক্ত পাওয়াও যায় না। আর প্রতি মাসেই রক্ত বদলাতে হয় জয়স্মিতার। চিকিৎসাও ব্যয়বহুল। এ নিয়ে চিন্তিত হয়ে পড়েন মঞ্জুশ্রী। চিন্তায় চিন্তায় তিনি অস্থির হয়ে ওঠেন। কাঁদেনও। শেষমেষ নিজেই আক্রান্ত হয়ে পড়েন মানসিক রোগে। তাকেও ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। স্বজনরা জানিয়েছেন, মঞ্জুশ্রীর এ অবস্থায় তার মা সঙ্গে থাকতেন। সব সময় মেয়ে ও নাতনিকে চোখে চোখে রাখতেন। মঙ্গলবার বিকালে হঠাৎ করে মঞ্জুশ্রী মেয়েকে নিয়ে বাসা থেকে চলে যান। এরপর তাকে অনেক খোঁজাখুঁজি করা হয়। কোথাও পাওয়া যায়নি। বিষয়টি জানানো হয় পুলিশকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে তার খোঁজ চেয়ে অনেকেই পোস্ট করেন। এদিকে, মঙ্গলবার রাত ১টার দি েনগরের মাছিমপুর এলাকার চালিবন্দরে মঞ্জুশ্রীর লাশ মিলে। পরে খোঁজাখুঁজি করে তার মেয়ের লাশও পাওয়া যায়। দু’টি লাশই কাছাকাছি ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। সিলেট নগর পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। দক্ষিণ সুরমা থানার ওসি মো. আশরাফুজ্জামান মানবজমিনকে জানিয়েছেন, মঞ্জুশ্রী নিজেও মানসিক রোগী ছিলেন। মেয়ের রোগের কথা চিন্তা করে তিনি নিজেও অসুস্থ হয়ে পড়েন। মেয়েকে নিয়ে মারা যাওয়ার কথা স্বামীকে প্রায় সময়ই বলতেন। এ কারণে মঞ্জুশ্রীকে সব সময় চোখে চোখে রাখতেন স্বজনরা। মঙ্গলবার ঘরে কেউ না থাকায় সে মেয়েকে নিয়ে বের হয়ে যান। ওসি ধারণা করেন- মেয়ের রোগের দুশ্চিন্তা থেকে তিনি নদীতে পড়ে আত্মহত্যা করতে পারেন। বিষয়টি তদন্তের মাধ্যমে খোলাসা হবে বলে জানান তিনি।

মঞ্জুশ্রীর স্বামী জীবনানন্দ বিশ্বাস জানিয়েছেন, মেয়ে জয়স্মিতার বয়স যখন মাত্র তিন মাস, তখন থ্যালাসেমিয়া রোগ ধরা পড়ে। এরপর থেকেই মেয়ের অসুস্থতা ও ভবিষ্যৎ চিকিৎসা নিয়ে আমার স্ত্রী সব সময় দুশ্চিন্তায় থাকতেন। মেয়েকে সারাজীবন রক্ত দিতে হবে, বিভিন্ন ধরনের চিকিৎসা করাতে হবে- এমন চিন্তা থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। একটি শিশুর সারাজীবন এভাবে কষ্টের মধ্যদিয়ে কাটবে, এমন ভাবনা থেকে প্রায়ই নেতিবাচক কথা বলতেন। এমনকি বেঁচে থাকার প্রয়োজনীয়তা নিয়েও হতাশা প্রকাশ করতেন।