এখন বর্ষা নেই, নেই বৃষ্টি। তবুও কুড়িগ্রামের নাগেশ্বরীতে দেখা দিয়েছে দুধ কুমার নদের ভাঙন। উপজেলার নুখাওয়া ইউনিয়নের দু’টি ওয়ার্ডের কাঠগিরি, হাজীপাড়া ও কালাবাগানসহ আশপাশের এলাকায় নদীভাঙনে বিলীন হচ্ছে বসতভিটা ও ফসলি জমি। হুমকির মুখে রয়েছে মসজিদ, মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়, বাজারসহ বিভিন্ন স্থাপনা। এ অবস্থায় ফসলি জমি ও বসতভিটাসহ শেষ সম্বল হারানোর শঙ্কায় দিশাহারা নদীপাড়ের কয়েকশ’ পরিবার।
স্থানীয়রা জানান, গত বর্ষা মৌসুমে দুধ কুমারের ভাঙনে বসতভিটা হারিয়ে বাস্তুহারা হয়ে পড়ে ওই এলাকার অসংখ্য পরিবার। ভিটেমাটি হারিয়ে একটু আশ্রয়ের আশায় মাথা গোঁজেন বাঁধ কিংবা অন্যের জমিতে। তবুও ভাঙন যেন পিছু ছাড়ছে না তাদের। এ যেন মড়ার উপর খাঁড়ার ঘা। কাঠগিরি এলাকার ষাটোর্ধ্ব কমলা বেগম জানান, গত বর্ষায় দুধ কুমার নদের ভাঙনে নদীতে তার বসতভিটা বিলীন হয়ে যায়। এরপর অন্যের জমিতে আবারো ঠাঁই নেন তিনি। কিন্তু শুষ্ক মৌসুমেও যেভাবে নদী ভাঙন শুরু হয়েছে এতে করে এই ঠাঁইটুকুও হারাতে হবে তাকে। এসব কথা বলতে গিয়েই কান্নায় ভেঙে পড়েন তিনি। কমলা বেগমের মতো এভাবে প্রতি বছর জমিজমা ও বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়েছেন অসংখ্য পরিবার।
খোদেজা বেগম জানান, এ পর্যন্ত দুধ কুমার নদের আগ্রাসনে তার বসতভিটা ৫-৬ বার নদীগর্ভে বিলীন হয়েছে। এক চর থেকে আরেক চরে বসতভিটা করে করে তিনি এখন নিঃস্ব। এখন অন্যের জমিতে কোনোমতে মাথা গুঁজে আছেন। সেটিও এখন নদীর তীরবর্তী এসে গেছে। এবার নদী ভেঙে নিয়ে গেলে কোথায় থাকবেন সেটি বলতে পারেন না তিনি। তারা এর আগে পানি উন্নয়ন বোর্ডে বিষয়টি অবহিত করলেও কোনো প্রতিকার পাননি, এমনকি মানববন্ধন করা হলেও কোনো কাজ হয়নি বলেও অভিযোগ করেন। তাই দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। এ অবস্থায় নদীপাড়ের মানুষদের দাবি, ত্রাণ নয়, স্থায়ী বাঁধ নির্মাণ হলে দুঃখ ঘুচবে তাদের। রক্ষা হবে বাপ-দাদার রেখে যাওয়া বসতভিটা। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান বলেন, মানববন্ধনের কথা শুনেছি এবং ভাঙনকবলিত এলাকায় খোঁজ নিয়েছি। ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
