ধর্মপাশায় চীনা জামাইকে দেখতে নববধূর বাড়িতে ভিড়

ধর্মপাশায় চীনা জামাইকে দেখতে নববধূর বাড়িতে ভিড়

ফন্ট সাইজ:

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়, বন্ধুত্ব থেকে প্রেম। সেই প্রেমের টানে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার এক তরুণীকে বিয়ে করেছেন জাংলং নামের এক চীনা যুবক। বৌদ্ধ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণের পর ধর্মীয় ও আইনগত আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা। ভিনদেশি যুবকের সঙ্গে স্থানীয় তরুণীর বিয়ের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় সৃষ্টি হয়েছে কৌতূহল। নবদম্পতিকে একনজর দেখতে ভিড় করছেন আশপাশের গ্রামের মানুষ।

গত ১৯শে নভেম্বর বৌদ্ধ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন চীনা যুবক জাংলং। এরপর গত রোববার রাজধানী ঢাকায় এফিডেভিটের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়। তবে বিয়ের বিষয়ে জানতে চাইলে তারা ইসলামি শরিয়াহ অনুযায়ী সম্পন্ন হওয়া কাবিননামা বা বিয়ে নিবন্ধনের কোনো কাগজপত্র দেখাতে পারেনি। বিয়ের পর মঙ্গলবার নববধূকে নিয়ে ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বৌলাম গ্রামে শ্বশুরবাড়িতে আসেন জাংলং। এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের গ্রামের লোকজন নববধূর বাড়িতে ভিড় করেন। চীনা জামাইকে একনজর দেখতে কেউ কেউ তার সঙ্গে সেলফি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিও প্রকাশ করছেন।

কুশবু বেগম বৌলাম গ্রামের মৃত হালিশ মিয়া ও হেনা আক্তারের ছোট মেয়ে। অন্যদিকে জাংলং চীনের আনহুই প্রদেশের চিন আন হুই সুসং কাউন্টির পুলিয়াং টাউনের ফ্রহিং ঝেন ক্সিং কমিউনিটির বাসিন্দা ঝং ইউং গেল ও হি ইউ ইযিংয়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাটে তাদের পরিচয় হয়। এরপর বন্ধুত্ব থেকে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। দীর্ঘদিনের সেই সম্পর্ককে স্থায়ী রূপ দিতেই চীন থেকে বাংলাদেশে আসেন জাংলং। পরে ধর্মান্তরিত হয়ে কুশবু বেগমকে বিয়ে করেন তিনি। বিয়ের অনুভূতি জানতে চাইলে অনুবাদকের মাধ্যমে জাংলং বলেন, খুশবুকে বিয়ে করে আমি খুব খুশি। অন্যদিকে কুশবু বেগম বলেন, জাংলং খুবই ভালো মনের মানুষ। তাকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে আমি খুব আনন্দিত। তিনি বলেন, আমরা এফিডেভিট সম্পন্ন করেছি। দু’-একদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে কাবিন রেজিস্ট্রারি করে বিবাহ সম্পন্ন করবো। পাইকুরাটি ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য শফিকুল ইসলাম বিয়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৌলাম গ্রামের মৃত হালিশ মিয়ার মেয়ের সঙ্গে এক চীনা নাগরিকের এফিডেভিটের মাধ্যমে বিয়ে হয়েছে। ডিএসবি কাগজপত্র দেখে চীনা নাগরিকের নাগরিকত্বের বিষয়টি নিশ্চিত করেছে।