সন্দ্বীপ চ্যানেলের বালু নিয়ে খুনোখুনি

ফন্ট সাইজ:

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড উপকূলে সন্দ্বীপ চ্যানেল থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে গত ২০ মাসে তিনটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বালু ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটলেও বন্ধ হয়নি বালু উত্তোলন।

বর্তমানে বাড়বকুণ্ড ও বাঁশবাড়িয়া উপকূলের বিভিন্ন এলাকায় অন্তত ৩০ থেকে ৪০টি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। তিন হত্যাকাণ্ডের ঘটনায় কয়েকজন গ্রেপ্তার হলেও নেপথ্যে থাকা মূল পরিকল্পনাকারী এখনো ধরাছোঁয়ার বাইরে বলে অভিযোগ উঠেছে। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন জেলে ও উপকূলবাসী।

স্থানীয়দের অভিযোগ, বালু ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এসব হত্যাকাণ্ডের সূত্রপাত। গত ২০ মাসে প্রথম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে ২০২৫ সালের ১৭ই ফেব্রুয়ারি। ওইদিন বাড়বকুণ্ডের মাহমুদাবাদ উপকূলে রাম জলদাস (৩২) নামে এক ব্যক্তিকে মারধর করে সাগরে ফেলে দেয়ার অভিযোগ ওঠে। বালু উত্তোলনে বাধা দেয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে দাবি স্থানীয়দের। এরপর ২০২৬ সালের ৩১শে জানুয়ারি ড্রেজারের তেল চুরিকে কেন্দ্র করে বিরোধের জেরে বাড়বকুণ্ড উপকূলে সালাউদ্দিন নামে এক রাতের প্রহরীকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। একপর্যায়ে তিনি সাগরে পড়ে যান। চারদিন পর তার মরদেহ উদ্ধার করা হয়।

সর্বশেষ গত ১৬ই অক্টোবর রাতে বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগর তিন রাস্তার মোড় এলাকায় তারেক হোসেন বাপ্পি (২৬) নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। স্থানীয়দের অভিযোগ, বালু ও ড্রেজার ব্যবসার নিয়ন্ত্রণ এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। তাকে বাঁচাতে গিয়ে তাফসির আলম নামে আরেক ব্যক্তি গুলিবিদ্ধ হন।

তিনটি হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে স্থানীয়দের অভিযোগ, এসব হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা মূল পরিকল্পনাকারী এখনো ধরাছোঁয়ার বাইরে। তাদের দাবি, প্রভাবশালীদের আশ্রয়-প্রশ্রয়ে বালু উত্তোলন অব্যাহত রয়েছে। ফলে নতুন করে সংঘর্ষ ও প্রাণহানির আশঙ্কা করছেন তারা। সাগরে মাছ ধরতে গিয়েও নিরাপত্তাহীনতায় ভোগেন জেলেরা। তাদের দাবি, অবিলম্বে বালু উত্তোলন বন্ধ এবং হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা পরিকল্পনাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।

এদিকে বালু উত্তোলন বন্ধ ও এর পরিবেশগত প্রভাব তদন্তের দাবিতে সম্প্রতি বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে উপকূলীয় বসতি ও পরিবেশ ঝুঁকির মুখে পড়ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চট্টগ্রামের পরিচালক মোহাম্মদ রেজা খন্দকার বলেন, সন্দ্বীপ চ্যানেল থেকে বালু উত্তোলনের জন্য বিআইডব্লিউটিএ কোনো অনুমতি দেয়নি। কিছু প্রতিষ্ঠান বন্দর কর্তৃপক্ষের অনুমতি নিয়ে বালু তুলছে বলে তারা শুনেছেন।

বন্দর কর্তৃপক্ষের সচিব (অতিরিক্ত দায়িত্ব) সৈয়দ রেফায়েত হামিদ বলেন, সন্দ্বীপ চ্যানেলে বালু উত্তোলনের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানানো যাবে। কুমিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ছমিউদ্দিন বলেন, একাধিক প্রতিষ্ঠান টেন্ডারের মাধ্যমে বন্দর থেকে অনুমতি পেয়েছে দাবি করে ড্রেজার দিয়ে বালু তুলছে। এ বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও বিআইডব্লিউটিএ সঠিক তথ্য দিতে পারবে। সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম বলেন, চট্টগ্রাম বন্দর কয়েকটি প্রতিষ্ঠানকে বালু উত্তোলনের অনুমতি দিয়েছে বলে তিনি শুনেছেন। তবে বিষয়টি সম্পর্কে তারা পুরোপুরি অবগত নন। সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মো. মহিনুল ইসলাম বলেন, বাড়বকুণ্ডে বালু উত্তোলনকে কেন্দ্র করে তিনটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জড়িত বেশ কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরও শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।