রায়পুরে জনবল সংকটে বৃহৎ মৎস্য প্রজনন কেন্দ্র

ফন্ট সাইজ:

লক্ষ্মীপুরের রায়পুরে এশিয়ার অন্যতম বৃহৎ মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রটি দীর্ঘদিন ধরে জনবল সংকটে ভুগছে। ৭৭টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ১৩ জন। শূন্য রয়েছে ৬১টি পদ। দীর্ঘদিনের এ সংকটে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। তবে প্রয়োজনীয় জনবল ও নানা অবকাঠামোগত সংকটের মধ্যেও কেন্দ্রটি রেণু পোনা উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ১৯৮২ সালে ৫৪ একর জায়গা জুড়ে কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এখানে রয়েছে ৭৫টি পুকুর। প্রতিষ্ঠানটিতে ৭৭টি পদে জনবল থাকার কথা থাকলেও কর্মরত রয়েছেন মাত্র ১৩ জন। এর মধ্যে প্রথম শ্রেণির ১০টি পদের বিপরীতে কর্মকর্তা রয়েছেন দু’জন।

ছয়টি বৈজ্ঞানিক কর্মকর্তার পদ থাকলেও কর্মরত নেই একজনও। দ্বিতীয় শ্রেণির একটি পদও শূন্য। তৃতীয় শ্রেণির ৪১টি পদের বিপরীতে কর্মরত মাত্র ৮ জন। হিসাবরক্ষক, ক্যাশিয়ার, গুদামরক্ষক ও দক্ষ ফিশারম্যানের পদও দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এ ছাড়া চতুর্থ শ্রেণির ২৯টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন ১২ জন। সরজমিন দেখা যায়, জনবল সংকটে প্রতিষ্ঠানটির ল্যাবরেটরি বন্ধ রয়েছে। অচলাবস্থায় পড়ে আছে কেন্দ্রের আবাসিক ভবনগুলো। ভবনগুলো বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। একই অবস্থা ডরমেটরি ভবনেরও।

কেন্দ্রের এক পাশের সীমানাপ্রাচীর ধসে পড়ার উপক্রম হয়েছে। এ ছাড়া ৭৫টি পুকুরে পানি সরবরাহের জন্য পর্যাপ্ত পাম্প নেই। বড় জেনারেটরটি নষ্ট থাকায় বিদ্যুৎবিহীন জরুরি সময়ে ছোট একটি জেনারেটর দিয়ে কার্যক্রম চালাতে হচ্ছে। পুরনো যন্ত্রাংশ মেরামত করেই কোনোরকমে চলছে হ্যাচারির কার্যক্রম। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৬-২৭ অর্থবছরে প্রতিষ্ঠানটির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬৬ লাখ ২৪ হাজার টাকা।

এর মধ্যে চলতি বছরের জানুয়ারি মাস পর্যন্ত সরকারি কোষাগারে জমা পড়েছে ২৯ লাখ ৪৬ হাজার ১৩৫ টাকা। নাম প্রকাশে অনিচ্ছুক একজন তৃতীয় শ্রেণির কর্মচারী বলেন, লোকবল কম থাকায় আমাদের তিনজনের কাজ একজনের করতে হচ্ছে। এতে লক্ষ্যমাত্রা অর্জনে আমাদের প্রচুর হিমশিম খেতে হয়। এ বিষয়ে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আব্দুল্লাহ আকন্দ বলেন, চলতি বছরের লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে। জনবল না থাকায় হিমশিম খেতে হচ্ছে, ৭৭ জন জনবলের স্থলে কাগজ-কলমে রয়েছে ১৮, প্রেষণে আছেন ৫ জন, বাকি ১৩ জন দিয়ে পুরো ৭৭ জনের কাজ চলছে।