নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের দুই নেতাকে কুপিয়ে হত্যার ঘটনার ৬ দিন পর হত্যা মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে নিহত জাসাস নেতা সোহেল রানার বড় ভাই জুয়েল মোল্যা বাদী হয়ে কালিয়া থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় নড়াইল-১ আসনের সাবেক এমপি কবিরুল হক মুক্তির স্ত্রী চন্দনা হক, সাবেক কালিয়া পৌরসভার মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনসহ ৫১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে। মামলা দায়েরের পর পরই অভিযান চালিয়ে এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- দিশা বিশ্বাস ও রাকিব বিশ্বাস, সম্পর্কে তারা আপন দুই ভাই। নিহতরা হলেন- কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেল রানা এবং কালিয়া পৌর কৃষক দলের সদস্য সচিব শাহিনুর ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে গত ১৮ই নভেম্বর বিকালে কালিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির গ্রামের বাড়ি বেন্দারচর এলাকার সড়কে প্রবেশ করে। সন্ধ্যার দিকে মিছিলটি ফেরার পথে বটতলা এলাকায় পৌঁছালে একদল সশস্ত্র দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে মিছিলের পেছনের সারিতে থাকা নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়।
এতে সোহেল রানা ও শাহিনুর ইসলাম গুরুতর জখম হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেয়ার পথে সোহেল রানার মৃত্যু হয়। পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক শাহিনুর ইসলামকেও মৃত ঘোষণা করেন। মামলার বিষয়টি নিশ্চিত করে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, নিহত সোহেল রানার বড় ভাইয়ের দায়ের করা হত্যা মামলায় ইতিমধ্যে দুই সহোদরকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
