কেরানীগঞ্জে ২০টি হাতবোমাসহ ২ যুবক গ্রেপ্তার

কেরানীগঞ্জে ২০টি হাতবোমাসহ ২ যুবক গ্রেপ্তার

ফন্ট সাইজ:

ঢাকার কেরানীগঞ্জে ২০টি হাতবোমাসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হচ্ছে- মো. আকাশ (২১) ও মো. নাজিম (১৯)। তবে গ্রেপ্তারকৃত দুই যুবক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোন পদে আছে পুলিশ তা জানাতে পারেনি। গ্রেপ্তারকৃত আকাশের বাবার নাম মো. শমসের আলী এবং নাজিমের বাবার নাম মো. দিদার হোসেন। তাদের উভয়ের বাড়ি মডেল থানার তারানগর ইউনিয়নের মিরাজনগর গ্রামে।
মডেল থানা পুলিশ জানায়, গতকাল দুপুরে আটি বামুন সুর এলাকায় পুলিশের একটি চেকিং পোস্ট বসানো হয়। এ সময় একটি সিএনজি অটোরিকশা চেক করার সময় বাজারের ব্যাগে থাকা ২০টি হাতবোমাসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়। চলমান নাশকতার কাজে ব্যবহারের উদ্দেশ্যে কালিন্দী এলাকা থেকে হাতবোমাগুলো সংগ্রহ করে বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেয়ার উদ্দেশ্যে তারা সেগুলো নিয়ে যাচ্ছিল। পরে এটিইউ’র বোমা ডিসপোজাল ইউনিটের মাধ্যমে সেগুলো ধ্বংস করা হয়।