চুয়াডাঙ্গায় কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা সদর উপজেলার গহেরপুর গ্রাম সংলগ্ন কামড়িয়ার বিলে বদর উদ্দিন (৫৫) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করেছে দর্শনা থানা পুলিশ। নিহত বদর উদ্দিন গহেরপুর গ্রামের মৃত সামছদ্দিন মণ্ডলের ছেলে। স্থানীয়রা জানায়, বুধবার ভোরে নিহতের ছেলে মোহাম্মদ সুমন (২৫) বিলের পানিতে পিতার মরদেহ দেখতে পান। পরে থানায় খবর দেয়া হয়। দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, বদর উদ্দিনের বাড়ি গহেরপুর গ্রামে হলেও তিনি কামড়িয়ার বিল সংলগ্ন এলাকায় একটি ঝুপড়ি ঘরে রাত্রিযাপন করতেন। ওই এলাকায় তার নিজের কিছু জমাজমিও আছে। মঙ্গলবার দিনগত রাতের কোনো এক সময় কে বা কারা তাকে কুপিয়ে হত্যা করে বিলের মধ্যে ফেলে রেখে গেছে। তার মাথায় একাধিক ক্ষতচিহ্ন রয়েছে। সকালে খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। ওসি আরও জানান, নিহত বদর উদ্দিনের নামে দর্শনা থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।