খুলনা মহানগরীতে একের পর এক গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় আতঙ্ক কাটছেই না। একটি ঘটনার রেশ না কাটতেই ঘটছে একাধিক ঘটনা। এবার ৬ লাখ টাকা চাঁদা না পেয়ে মহিরবাড়ি খালপাড় এলাকায় একটি বাড়ির গেটে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। বুধবার দুপুরে মোটরসাইকেলে আসা তিন যুবক এ ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ১০ ঘণ্টার ব্যবধানে নগরীর সাতটি স্থানে গুলিবর্ষণ ও আওয়ামী লীগের এক নেতাকে হত্যার ঘটনা ঘটে। এর পরদিন বুধবার দুপুর আড়াইটার দিকে মহিরবাড়ি খালপাড় জনকল্যাণ স্কুলের সামনে সুমনের বাড়ির গেটে গুলি ছোড়ার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেলে করে তিন যুবক বাড়িটির সামনে আসে। তাদের প্রত্যেকের মুখে মাস্ক ও মাথায় হেলমেট ছিল। বাড়ির গেটের সামনে পৌঁছে তারা এক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এতে বাড়ির লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শী এক নারী জানান, ১০ থেকে ১৫ দিন ধরে কয়েকজন যুবক ওই বাড়ির লোকজনের কাছে ৬ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেয়ায় বুধবার তারা বাড়ির গেটে গুলি চালায়। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন জানান, গুলির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে জড়িতদের শনাক্ত করা হবে।
