ইনস্পায়ার চ্যালেঞ্জ বিজয়ী ভ্যানকট লিমিটেড পরিদর্শন করলো সুইডিশ প্রতিনিধিদল

ইনস্পায়ার চ্যালেঞ্জ বিজয়ী ভ্যানকট লিমিটেড পরিদর্শন করলো সুইডিশ প্রতিনিধিদল

ফন্ট সাইজ:

চট্টগ্রামের লিড গোল্ড সনদপ্রাপ্ত পরিবেশবান্ধব পোশাক কারখানা ভ্যানকট লিমিটেড পরিদর্শন করেছে সুইডেনের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল। মঙ্গলবার সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকাস্থ সুইডেন দূতাবাস এবং উন্নয়ন সংস্থা সুইসকন্টাক্টের প্রতিনিধিরা শিন শিন গ্রুপের এই অঙ্গপ্রতিষ্ঠানটি ঘুরে দেখেন।
সম্প্রতি সুইডেন দূতাবাসের সহায়তায় এবং সুইসকন্টাক্টের বাস্তবায়নাধীন ‘ইনস্পায়ার চ্যালেঞ্জ’ -এ বিজয়ী হওয়ার স্বীকৃতিস্বরূপ এই পরিদর্শনের আয়োজন করা হয়। ‘ইনিশিয়েটিভ টু স্টিমুলেট প্রাইভেট ইনভেস্টমেন্ট ফর রিসোর্স এফিশিয়েন্সি’ শীর্ষক এই প্রকল্পের মূল লক্ষ্য হলো- নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি গ্রহণের মাধ্যমে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের পরিবেশবান্ধব রূপান্তরকে ত্বরান্বিত করা।
পরিদর্শনকালে প্রতিনিধিদলের সদস্যরা কারখানার উৎপাদন প্রক্রিয়া এবং পরিবেশগত টেকসই উন্নয়নের (সাসটেইনেবিলিটি) বিভিন্ন উদ্যোগ সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় তারা শিন শিন গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রতিষ্ঠানটির চলমান সবুজায়ন কার্যক্রম, পরিবেশ সুরক্ষায় ভবিষ্যৎ পরিকল্পনা এবং বাংলাদেশ ও সুইডেনের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।
সুইডিশ প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন ঢাকাস্থ সুইডেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ওলে লুন্ডিন এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়নবিষয়ক ফার্স্ট সেক্রেটারি আনজি হাসানালি। তাদের সঙ্গে সুইসকন্টাক্ট বাংলাদেশ এবং আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড এইচঅ্যান্ডএমের ঢাকা কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন।
অন্যদিকে, শিন শিন গ্রুপের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন গ্রুপের পরিচালক (মার্কেটিং অ্যান্ড মার্চেন্ডাইজিং) আবু সাদাত, পরিচালক (ডেভেলপমেন্ট অ্যান্ড অপারেশনস) শাহিদ সাদাত, ভ্যানকট লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট অনুপমা ইয়াসান্থা নায়ানাজিথ পেরেরা এবং শিন শিন গ্রুপের সিনিয়র জেনারেল ম্যানেজার (অপারেশনস) সুজন কান্তি পাল।