যার ফোন কলে বদলে গেলেন সূর্যবংশী

আধা ঘন্টার আলাপ

যার ফোন কলে বদলে গেলেন সূর্যবংশী

ফন্ট সাইজ:

‘যুবি স্যার, তিনি আমার আইডল’— রেকর্ডময় ডাবল সেঞ্চুরির পর বিসিসিআই প্রকাশিত এক ভিডিওতে ভারতের কিংবদন্তি সাবেক ক্রিকেটার যুবরাজ সিংকে মনে করেন বৈভব সূর্যবংশী। মনে করারই কথা। এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে প্রথম দুই ম্যাচে বড় ইনিংস খেলতে পারেনি ১৫ বছর বয়সী এ ক্রিকেটার। নেপালের বিপক্ষে ২৬ আর পাকিস্তানের বিপক্ষে তার ব্যাট থেকে আসে ১১ রান। টানা দুই ম্যাচে ব্যর্থতার পর হয়তো নিজের সামর্থ্য নিয়েও প্রশ্ন জেগেছিল সূর্যবংশীর। দুঃসময় কাটাতে পরামর্শ নেন যুবরাজ সিংয়ের। নিজের সমস্যা খোলাসা করেন সূর্যবংশী। এরপর ভিডিও কলে ৩০ মিনিট সূর্যবংশীকে ব্যাটিংয়ে নানা টিপস দেন যুবরাজ। সেই ফোনালাপের পরই যেন বদলে গেল সবকিছু। পরের ম্যাচে ব্যাট হাতে রীতিমতো ঝড় তুললেন বৈভব। ৫৩ বলে ২০৪ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে ওলটপালট করে দেন ক্রিকেটের রেকর্ডবুক।

দোহায় এশিয়া কাপ রাইজিং স্টার্সে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এই কীর্তি গড়েন ভারতের তরুণ ব্যাটার। তার ৫৩ বলের ইনিংসটি সাজানো ছিল ২৮টি ছক্কা ও ৭টি চারে। মাত্র ২৮ বলে শতক, ৪০ বলে দেড় শ এবং ৫২ বলে দ্বিশতক পূর্ণ করেন বাঁহাতি এই ব্যাটার। লিস্ট ‘এ’ ক্রিকেটে এক ইনিংসে তিনটি বিশ্বরেকর্ড গড়ার পাশাপাশি ছেলেদের পেশাদার ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও নিজের করে নেন তিনি। এই ম্যাচের আগপর্যন্ত সময়টা ভালো যাচ্ছিল না বৈভবের। চলতি প্রতিযোগিতায় নেপালের বিপক্ষে করেছিলেন ২৬ রান, পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে মাত্র ১১। সেপ্টেম্বরের শুরু থেকে কোনো ইনিংসেই ৪৫ রানের বেশি করতে পারেননি। এমন পরিস্থিতিতে নিজের ব্যাটিংয়ের সমস্যা কাটাতে চারজনের সঙ্গে কথা বলেন তিনি। তারা হলেন বাবা, ছোটবেলার কোচ মনীশ ওঝা, অনূর্ধ্ব-১৯ দলের সাবেক সতীর্থ ও বন্ধু প্রথম জাচক এবং যুবরাজ সিং। রেকর্ডগড়া ইনিংসের পর ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ওয়েবসাইটে প্রকাশিত এক ভিডিও সাক্ষাৎকারে বৈভব জানান, যুবরাজের সঙ্গে ব্যাটিংয়ের বিভিন্ন সমস্যা নিয়ে খোলামেলা কথা হয়েছে তার। প্রায় আধঘণ্টার ফোনালাপে ভারতের সাবেক এই অলরাউন্ডার তাকে ব্যাটিংয়ের টেকনিক্যাল দিকগুলো বুঝিয়ে দেন। যুবরাজের পরামর্শের কথা বলতে গিয়ে বৈভব বলেন, ‘আমি যদি ২০ বল খেলতে পারি, তাহলে স্কোরটা অন্য রকম হবে।’ ফোনালাপের পর নিজের পুরোনো ব্যাটিংয়ের ভিডিও দেখেন বৈভব। সেখানে নিজের কিছু ভুলও খুঁজে পান। আমিরাতের বিপক্ষে সেই ভুলগুলো এড়িয়ে চলার চেষ্টা করেছেন বলে জানান তিনি। যুবরাজকে নিজের আদর্শ উল্লেখ করে বৈভব বলেন, তার প্রতিটি পরামর্শই মনোযোগ দিয়ে শুনেছেন এবং সেগুলো কাজে লাগানোর চেষ্টা করেছেন। বৈভবের বিধ্বংসী ব্যাটিংয়ে আমিরাতের দেয়া ২৫০ রানের লক্ষ্য মাত্র ১৪.২ ওভারেই পেরিয়ে যায় ভারত ‘এ’ দল। ৭ উইকেটের জয়ে সেমিফাইনালও নিশ্চিত করে তারা। আর বৈভবের নামের পাশে যোগ হয় কিছু বিশ্বরেকর্ড।
​