তৈরি পোশাকশ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের পর ফের উত্তপ্ত হয়ে উঠেছে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চল। ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে বুধবার সকাল থেকে উত্তপ্ত হয়ে উঠে হেমায়েতপুর এলাকা। সকালে শ্রমিকেরা কাজে যোগ দিলেও কিছুক্ষণ পরই বেরিয়ে এসে হেমায়েতপুর-সিঙ্গার সড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।
উল্লেখ্য, তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। দীর্ঘ বৈঠক শেষে নিম্নতম মজুরি বোর্ড মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে এই সিদ্ধান্ত নেয়। ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন শ্রমিকেরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিল্পাঞ্চলের সার্বিক অস্থিরতার কারণে বর্তমানে ২২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে এবং আরও অন্তত ১৯টি কারখানায় উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে সাভারের হেমায়েতপুর এলাকার তৈরি পোশাক কারখানাগুলোতে শ্রমিকেরা যথাসময়ে প্রবেশ করে কাজে যোগদান করেন। তবে সকাল পৌনে ৯টার দিকে হঠাৎ করেই বিভিন্ন কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে বেরিয়ে আসেন এবং সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা আশপাশের অন্যান্য সচল কারখানাগুলোতে গিয়ে সেখানকার শ্রমিকদেরও কাজ ছেড়ে বেরিয়ে আসার জন্য আহ্বান জানান এবং বের করে আনার চেষ্টা করেন। অনেক কারখানায় বাইরে থেকে ইটপাটকেল ছুড়ে ভাঙচুর করেন বিক্ষুব্ধ শ্রমিকেরা।
একপর্যায়ে বিক্ষোভকারী শ্রমিকেরা হেমায়েতপুরের বাগবাড়ি মোড় এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করলে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। শ্রমিকেরা সড়ক ছাড়তে অস্বীকৃতি জানালে পুলিশ টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, ‘শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের প্রেক্ষিতে নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে তা প্রায় অর্ধেক। বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ শ্রমিকদের জীবন ধারণের ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য নয়। তবে মজুরি বোর্ড যেটা নির্ধারণ করেছে, তার খসড়া গেজেটও এখনো হয়নি। এর বিপরীতে আমাদের রিভিউ করার সুযোগ আছে। তাই শ্রমিক ভাই-বোনদের উদ্দেশে বলবো তারা যেন আন্দোলনের নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ড না করে শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেন।’
আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় শান্তিপূর্ণভাবে উৎপাদন চলছে। কিছু কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে, কয়েকটিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। কোথাও শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরে অবস্থান করছেন। দুই একটা জায়গায় শ্রমিকেরা কারখানার ফটকে ইটপাটকেল নিক্ষেপ করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়া হয়েছে।’
এছাড়া অপ্রীতিকর ঘটনা এড়াতে ও উদ্ভূত পরিস্থিতির কারণে ৯টি কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বর্তমানে বাগবাড়ি মোড় ও হেমায়েতপুরসহ শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।
