জিয়াউলের হাতে ১১৫ জনের বেশি মানুষ হত্যার শিকার

জিয়াউলের হাতে ১১৫ জনের বেশি মানুষ হত্যার শিকার

ফন্ট সাইজ:

শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার প্রথম দিনের যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন হয়েছে। জিয়াউলকে ‘মনস্টার’ উল্লেখ করে তার ভয়াবহ নির্মমতা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুলে ধরেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। মঙ্গলবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ প্রসিকিউশনের পক্ষে যুক্তি উপস্থাপন শুরু করেন চিফ প্রসিকিউটর।

যুক্তিতর্কে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনামলে একক ব্যক্তির হাতে দেড় থেকে দুইশ’ মানুষকে নির্বিচারে হত্যা, যার মধ্যে ১১৫টি হত্যাকাণ্ড শনাক্ত করা গেছে, বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে অপহরণ ও হত্যার (‘গলফ’ সংকেত) লোমহর্ষক বিবরণ এবং তৎকালীন প্রধানমন্ত্রী ও তার নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে জিয়াউল আহসানের সরাসরি যোগাযোগের তথ্য প্রকাশ পেয়েছে। বাংলাদেশের ইতিহাসে ও ট্রাইব্যুনালে গুমের ঘটনায় দায়ের করা কোনো মামলায় এটিই প্রথম যুক্তিতর্ক উপস্থাপন। প্রথম ধাপের যুক্তিতে মামলায় দেয়া ১৫ জন সাক্ষীর জবানবন্দির বিভিন্ন বর্ণনা তুলে ধরা হয়। যুক্তি উপস্থাপনে শেষে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জিয়াউল আহসানের ‘ডিপ স্টেট’ পরিচালনা ও এককভাবে চালানো নারকীয় হত্যাকাণ্ডের বিবরণ তুলে ধরেন।

মূলত শেখ হাসিনা এবং তার সামরিক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকীর সরাসরি আশ্রয় ও প্রশ্রয়েই তিনি একের পর এক এসব দানবীয় ও নারকীয় অপকর্ম চালিয়ে গেছেন, বিরোধী দল দমন-পীড়নে শেখ হাসিনার অন্যতম হাতিয়ার ছিলেন জিয়াউল। এ ছাড়া তিনি ডিপ টেস্টের অন্যতম সদস্য হিসেবেও পরিচিত ছিলেন বলে জানান চিফ প্রসিকিউটর। অন্যদিকে, ‘ইনসাইডার উইটনেস’ বা ভেতরের সাক্ষীদের টানা জিজ্ঞাসাবাদ ও মানসিকভাবে ভেঙে পড়ার মাধ্যমে কীভাবে এসব গুম-হত্যার জট খুলেছে, সেই নেপথ্যের তথ্য জানান সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। পাশাপাশি জিয়াউল আহসানের অবৈধ সম্পদ গড়ার তথ্য ও ‘বালিশ কাণ্ডের’ প্রসঙ্গ টেনে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এমন দৃশ্যমান বিচার নিশ্চিতের অঙ্গীকার করেন, যাতে ভবিষ্যতে আর কেউ পদ-পদবি ব্যবহার করে এমন ঘৃণ্য অপরাধে জড়ানোর সাহস না পায়।

এদিন বেলা সোয়া ১১টার পর শুরু হওয়া এই যুক্তিতর্কের শুরুতেই মামলার ঘটনাবলি তুলে ধরেন চিফ প্রসিকিউটর। একপর্যায়ে চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে বলেন, আমি আমার ৩৮ বছরের আইন পেশার জীবনে তিন খুন, সাত খুন, বিডিআর বিদ্রোহের মামলাসহ নির্মম ও ভয়াবহ অনেক মামলার অপরাধী দেখেছি। কিন্তু জিয়াউল আহসানের মতো এরকম ‘মনস্টার’ কাউকে দেখিনি। তার নির্মমতার বর্ণনা দিতে গেলে গা শিউরে ওঠে। এ মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান কারাগার থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বিচারকাজে অংশ নেন। যুক্তি উপস্থাপনটি ট্রাইব্যুনালের ‘অনুমতি সাপেক্ষে’ সরাসরি সম্প্রচার করে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। জিয়াউল আহসানের গুম-খুনের মামলার কার্যক্রম চলাকালে ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন- রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল ও সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এ ছাড়া গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’ এর সমন্বয়ক সানজিদা ইসলাম (তুলি)। আজ ট্র্যাইব্যুনালে দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করবেন চিফ প্রসিকিউটর। এদিকে আগামী ২৬শে নভেম্বর অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের সমাপনী যুক্তি উপস্থাপনের মধ্যদিয়ে প্রসিকিউশনের ধাপ শেষ হবে বলে জানা যায়। পরে আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে গুমের অভিযোগে হওয়া মানবতাবিরোধী অপরাধের প্রথম এই মামলাটি রায় ঘোষণার পর্যায়ে পৌঁছাবে।

যুক্তিতর্কের শুরুতে জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েস ও এই মামলার আরেক সাক্ষী মেজর (অব.) সাব্বির রহমান ওসমানীর জবানবন্দি উপস্থাপনের মাধ্যমে জিয়াউল আহসানের গুম-খুনের নির্মমতা তুলে ধরেন চিফ প্রসিকিউটর। তিনি জানান, জিয়াউল আহসানের পরিকল্পনা ও নির্দেশনায় তিনটি সুন্দরবনকেন্দ্রিক তথাকথিত এনকাউন্টার অভিযান পরিচালনা প্রত্যক্ষ করেন এই সাক্ষী। র‌্যাবে দায়িত্ব পালনকালে এসব ঘটনায় মানসিক যন্ত্রণার কোনো প্রতিকার না পেয়ে স্বেচ্ছায় অবসরের আবেদন করেন বলে জবানবন্দিতে জানান তিনি। চাকরির ১৮ বছর পূর্ণ হলে র‌্যাব থেকে নিজ বাহিনীতে ফিরে আসেন বলেও জানান এই সাক্ষী।

এ ছাড়া এই মামলার প্রথম সাক্ষী সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার জবানবন্দি উপস্থাপন করে সেনাবাহিনীতে জিয়াউল আহসানের বেপরোয়া কর্মকাণ্ড তুলে ধরা হয়। জিয়াউল আহসানের দেহরক্ষী বা রানার হিসেবে কর্মরত ওয়ারেন্ট অফিসার ইমরুল কায়েসের (পিডব্লিউ-৫) জবানবন্দি অনুযায়ী, ২০১২ সালের ১৭ই এপ্রিল দিবাগত রাতে র‌্যাব-১ কার্যালয়ের সামনে থেকে মাইক্রোবাসে করে জিয়াউল আহসানসহ কয়েকজন কর্মকর্তা মহাখালী ফ্লাইওভারের নিকট যান। সেখান থেকে ‘টার্গেট’ হিসেবে বিএনপি নেতা ইলিয়াস আলীকে তুলে নেয়া হয়। পরবর্তীতে ইলিয়াস আলীকে হত্যার পর জিয়াউল আহসান ফোনে তৎকালীন প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকীর সঙ্গে কথা বলেন।

প্রত্যক্ষদর্শী ইমরুল কায়েসের ভাষ্যমতে, ফোনে জিয়াউল আহসান বলেন, স্যার, আপনাদের কথামতো ইলিয়াসকে গলফ করলাম। এখন আপনারা এমন করলে হবে। এর চেয়ে আমি কমান্ডো মানুষ, আমাকে জঙ্গলে পোস্টিং দিয়ে পাঠিয়ে দেন। সাক্ষী ব্যাখ্যা করেন যে, র‌্যাবের গোপন পরিভাষায় কাউকে হত্যা করে লাশ গুম বা পানিতে ফেলে দেয়াকে ‘গলফ’ বলা হতো।

সাক্ষীদের জবানবন্দি ও উপস্থাপিত নথিপত্রে উঠে এসেছে, জিয়াউল আহসানের নেতৃত্বে র‌্যাবের ইন্টেলিজেন্স উইং ‘গলফ’ নামক বিশেষ অপারেশনের মাধ্যমে দেড়শ’ থেকে দুইশ’ মানুষকে হত্যা ও গুম করেছে। এই হত্যাকাণ্ডের নির্দিষ্ট একটি ধরন বা প্যাটার্ন ছিল, র‌্যাব-১ এর টিএফআই সেলে রেখে ইনজেকশন পুশ করে অথবা পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যা করা হতো। বুড়িগঙ্গা নদী (পোস্তগোলা ব্রিজ সংলগ্ন), শীতলক্ষ্যা (কাঁচপুর ব্রিজ) এবং বরিশালের বলেশ্বর নদী ও সুন্দরবন সংলগ্ন মোহনায় ট্রলারে নিয়ে যাওয়া হতো ভিকটিমদের। গুলি করার পর কমান্ডো নাইফ দিয়ে পেট চিরে ভিকটিমের গলায় ও পায়ে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেয়া হতো, যাতে লাশ ভেসে না ওঠে। ২০১২ সালে সিলেটের জাফলং সীমান্ত দিয়ে ভারতের গোয়েন্দা সংস্থার সঙ্গে অনানুষ্ঠানিক সমঝোতার ভিত্তিতে আসামি আদান-প্রদান ও পরবর্তীতে তাদের হত্যা করে লাশ গুম করার তথ্যও যুক্তিতে তুলে ধরেন চিফ প্রসিকিউটর।

আমিনুল ইসলাম আরও জানান, ২০০৯ সালে পিলখানা হত্যাকাণ্ডের পর ‘অপারেশন রেবেল হান্ট’ চলাকালে জিয়াউল আহসান ৮-১০ জন বিডিআর সদস্যকে ইনজেকশন পুশ করে এবং নদীতে ডুবিয়ে হত্যা করেন বলে সাক্ষ্যে উল্লেখ করা হয়। এ ছাড়া, উত্তরা ও সুন্দরবন এলাকায় ডাকাত বা সন্ত্রাসী দমনের নামে আগে থেকেই আটককৃত ব্যক্তিদের ঘটনাস্থলে নিয়ে গুলি করে ‘এনকাউন্টার’ বা ক্রসফায়ারের নাটক সাজানো হতো। এমনকি লাশের সংখ্যা বাড়াতে র‌্যাব হেফাজতে থাকা অন্য বন্দিদেরও সেখানে নিয়ে হত্যা করে দেখানো হতো। সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া (পিডব্লিউ-১) এবং মেজর জেনারেল (অব.) মনিরুল হকসহ (পিডব্লিউ-৭) জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের জবানবন্দিতে উঠে আসে, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকীর সরাসরি প্রশ্রয়ে জিয়াউল আহসান সেনাবাহিনীর চেইন অব কমান্ড অমান্য করতেন।

জেনারেল ইকবাল করিম ভূঁইয়া জবানবন্দিতে জানান, জিয়াউল আহসানকে র‌্যাব থেকে সেনাবাহিনীতে ফিরিয়ে আনার উদ্যোগ নিলে স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ফোন করে তা না করার অনুরোধ জানান। পরবর্তীতে জিয়াউল আহসান সেনাপ্রধানের আদেশ অমান্য করলে তাকে সেনানিবাসে ‘পারসোনা নন গ্রাটা’ (অবাঞ্ছিত) ঘোষণা করা হয়। কিন্তু তারিক সিদ্দিকীর প্রভাবে তাকে কোনো শাস্তির মুখোমুখি হতে হয়নি, বরং উল্টো সেনাবাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাদেরই হয়রানির শিকার হতে হয়েছিল। এদিকে, দ্বিতীয় ধাপের যুক্তিতর্কে প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, ‘গলফ’ অপারেশনের ট্রলার চালক আলকাস মাঝি বরিশালের চরদুয়ানি বাজারে এসব হত্যাকাণ্ডের তথ্য ফাঁস করে দিলে জিয়াউল আহসান তাকে ‘এলিমিনেট’ বা হত্যার নির্দেশ দেন। পরবর্তীতে জিয়াউল আহসান ও তারিক সিদ্দিকীর নাম বলে আলকাস মাঝিকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা ও গুম করা হয়। প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়, একজন ব্যক্তির হাতে রাষ্ট্রযন্ত্র ও গোয়েন্দা সংস্থার ক্ষমতা কুক্ষিগত হলে একটি বাহিনী কীভাবে মানবতাবিরোধী অপরাধে জড়িয়ে পড়ে, এই মামলার সাক্ষ্যপ্রমাণ তারই দালিলিক প্রমাণ।