বৃটেনে প্রাণঘাতী রোগ মেনিনজাইটিসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। লন্ডনের পার্শ্ববর্তী এলাকা কেন্ট শহরে ক্লাব কেমিস্ট্রি নামের একটি নাইটক্লাব থেকে প্রথম এই সংক্রমণের সূত্রপাত হয়। জানা যায়, ইউনিভার্সিটি অব কেন্ট এর কিছু শিক্ষার্থী ওই ক্লাবে যান। এর পরেই এদের মধ্যে একজন অসুস্থ হয়ে পড়েন। তার মাথাব্যথা ও শরীরে ব্যথা এবং খিঁচুনির শুরু হয়। একসময় তিনি হঠাৎ অচেতন হয়ে পড়েন। তাৎক্ষণিক তাকে হাসপাতালে নেয়া হয় । পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় তিনি মেনিনজাইটিস নামক রোগে আক্রান্ত। পরবর্তীতে ক্যান্টারবেরি এলাকায় মেনিনজাইটিসে আক্রান্ত ১৩ থেকে বেড়ে ১৫ জন রোগীর সন্ধান মেলে। এদের মধ্যে দুইজনের মৃত্য হয়েছে। মৃতদের একজন ২১ বছর বয়সী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং অপরজন কুইন এলিজাবেথ গ্রামার স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী জুলিয়েট।
ইউনিভার্সিটি অব কেন্টে প্রাণঘাতী মেনিনজাইটিস প্রাদুর্ভাবের পর শিক্ষার্থীদের জন্য জরুরি টিকাদান কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আতঙ্কে ইউনিভার্সিটি অব কেন্ট এলাকা থেকে হাজার হাজার শিক্ষার্থী কেন্ট ছেড়ে অন্যত্র চলে যেতে শুরু করেছে।
এদিকে, আরও চারটি স্কুলে সংক্রমণের ঘটনা শনাক্ত হয়েছে। শত শত মানুষকে তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে। সারা দেশে আতঙ্কের কারণে অনেক শিক্ষার্থী ও অভিভাবক ব্যক্তিগতভাবে টিকা নেয়ার চেষ্টা করছেন, তবে ফার্মেসিগুলো জানিয়েছে যে তাদের কাছে টিকার মজুদ প্রায় শেষ হয়ে গেছে।
স্বাস্থ্য সচিব ওয়েস স্ট্রেটিং এই পরিস্থিতিকে বিশেষ প্রাদুর্ভাব এবং দ্রুত পরিবর্তনশীল বলে উল্লেখ করেছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, কেন্টের বিশ্ববিদ্যালয় হলগুলোতে বসবাসরত প্রায় ৫,০০০ শিক্ষার্থীকে আগামী কয়েক দিনের মধ্যে মেনিনজাইটিস বি টিকা দেওয়া হবে, যাতে সংক্রমণের বিস্তার প্রতিরোধ করা যায়। বৃটেনের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি জানিয়েছে, এই ধরনের সংক্রমণ বৃটেনে সাধারণ হলেও ২০১৫ সালের আগে নিয়মিত টিকাদান চালু না থাকায় বর্তমান তরুণ প্রজন্মের অনেকেই এই সুরক্ষার বাইরে রয়েছে।
সরকারের পক্ষ থেকে এই পরিস্থিতিকে “অস্বাভাবিকভাবে বড়” প্রাদুর্ভাব হিসেবে বর্ণনা করা হয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, এটি কোভিড-১৯-এর মতো দ্রুত ছড়ায় না, বরং দীর্ঘ সময় ঘনিষ্ঠ সংস্পর্শে থাকলে সংক্রমণ ছড়ায়।
বৃটেনে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব: ২ শিক্ষার্থীর মৃত্যু
আরিফ মাহফুজ, লণ্ডন থেকে
অনলাইন
২ মাস আগে
১৮ মার্চ (বুধবার), ২০২৬, ৯ঃ১৯ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
