অবিশ্বাস্য, অকল্পনীয়! মাত্র ১৪ বছর বয়সে ব্যাট হাতে বিশ্ব ক্রিকেটে কি এক তাণ্ডব চালালেন বৈভব সূর্যবংশী। তার বিধ্বংসী ব্যাটিংয়ে এক ম্যাচেই ভেঙেছে লিস্ট ‘এ’ ক্রিকেটের একাধিক বিশ্বরেকর্ড। মাত্র ৫৩ বলে ২০৪ রানের ইনিংস খেলে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন ভারতের এই বিস্ময়বালক। তার ব্যাটিং ঝড়ে ২৫০ রানের লক্ষ্য ভারত ‘এ’ দল পেরিয়ে গেছে মাত্র ১৪.২ ওভারেই! কাতারের দোহায় এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এই কীর্তি গড়েন সূর্যবংশী। তার ৫৪ বলের ইনিংসটি সাজানো ছিল ৭টি চার ও ২৮টি ছক্কায়। লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির পাশাপাশি দ্রুততম সেঞ্চুরি, দেড়শ’ রান ও সর্বোচ্চ ছক্কার রেকর্ডও নিজের করে নিয়েছেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে এর আগে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড ছিল নিউজিল্যান্ডের চ্যাড বোয়েসের। ১০৩ বলে দ্বিশতক পূর্ণ করেছিলেন তিনি।
সেই রেকর্ড প্রায় অর্ধেক বলে ভেঙে দিয়েছেন সূর্যবংশী। মাত্র ৫২ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করে এখন এই রেকর্ডের মালিক ১৪ বছর বয়সী এই ব্যাটার। এর আগে ২৮ বলে প্রথম সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। পরের ২৪ বলেই পৌঁছে যান দুইশতে! দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটিও এখন তার দখলে। চলতি বছর শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে মাত্র ১১ বলে ফিফটি করেছিলেন সূর্যবংশী। এবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম ফিফটি করতে খেলেছেন ১৬ বল। সেখান থেকে মাত্র ১২ বলে পরের পঞ্চাশ রান তুলে সেঞ্চুরি পূর্ণ করেন। সবমিলিয়ে ২৮ বলে শতরান, যা লিস্ট ‘এ’ ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড। দ্রুততম দেড়শ’ রানের রেকর্ডটিও ভেঙেছেন নিজের। গত বছর বিজয় হাজারে ট্রফিতে অরুণাচল প্রদেশের বিপক্ষে ৫৯ বলে ১৫০ রান করে রেকর্ড গড়েছিলেন তিনি। এবার সেই মাইলফলক ছুঁয়েছেন মাত্র ৪০ বলে। ছক্কার রেকর্ডেও সবাইকে ছাড়িয়ে গেছেন এই তরুণ। এক ইনিংসে ২৮টি ছক্কা মেরে স্বীকৃত ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার নতুন রেকর্ড গড়েন। এর আগে ২৬টি ছক্কার রেকর্ড ছিল তন্ময় আগরওয়ালের। লিস্ট ‘এ’ ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও এখন সূর্যবংশীর।
আগে ২৩টি ছক্কা মেরে এই রেকর্ডের মালিক ছিলেন অস্ট্রেলিয়ার ডি’আর্সি শর্ট ও কলিন মানরো। ব্যাটিংয়ের তাণ্ডবে স্ট্রাইক রেটেও নতুন উচ্চতা ছুঁয়েছেন সূর্যবংশী। ২০৪ রানের ইনিংসে তার স্ট্রাইক রেট ৩৮৪.৯০, যা লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ। এমন বিধ্বংসী ব্যাটিংয়ের সুবাদে দলীয় রেকর্ডও গড়েছে ভারত ‘এ’। ২৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম পাঁচ ওভারেই ১০০ রান তুলে নেয় তারা। দুইশ’র বেশি রান তাড়া করে এত দ্রুত জয়ের রেকর্ডও এটি।
