রাজনগরের কুশিয়ারা নদীতে ভাঙন, নদীতে বিলীন হচ্ছে ঘরবাড়ি

রাজনগরের কুশিয়ারা নদীতে ভাঙন, নদীতে বিলীন হচ্ছে ঘরবাড়ি

ফন্ট সাইজ:

মৌলভীবাজারের রাজনগরে কুশিয়ারা নদীতে পানি কমার সঙ্গে সঙ্গে তীরে শুরু হয়েছে ভাঙন। এতে উত্তরভাগ ও ফতেহপুর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের শতাধিক পরিবারের বসতভিটা নদীগর্ভে বিলীন হয়েছে। এরইমধ্যে গত সোমবার ফতেহপুর ইউনিয়নের শাহপুর গ্রামের তিনটি পরিবারের ভিটেমাটি সম্পূর্ণরূপে কুশিয়ারা নদীতে বিলীন হয়ে গিয়েছে। এ ছাড়াও ওই গ্রামের প্রায় অর্ধশত ঘরবাড়ি কুশিয়ারা নদীর ভাঙনের হুমকিতে রয়েছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ওই এলাকায়। এদিকে ভাঙনে ঘরহারা তিনটি পরিবারকে আর্থিক সহায়তা করেছে রাজনগর উপজেলা প্রশাসন। এ ছাড়াও কুশিয়ারা তীরের কামালপুর, সুরিখাল, সুনামপুর, কেশরপাড়া, উমরপুর, হামিদপুর, বেড়কুড়ি, জাহিদপুর, আব্দুল্লাহপুর, তুলাপুরসহ ১৪-১৫টি গ্রামে ভাঙন আতঙ্ক দেখা দিয়েছে।

গত বুধবার ভাঙনকবলিত ফতেহপুর ইউনিয়নের শাহাপুর গ্রামে গেলে ভিড় করেন ভাঙন আতঙ্কে থাকা গ্রামবাসী। এদের কারও ভিটে কুশিয়ারা নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙতে ভাঙতে কারও উঠোনের কাছে চলে এসেছে নদী। কারও বাড়ির পাশে ফাটল দেখা দিয়েছে। অনেকেই অন্যত্র সরে গেছেন। কেউ সরে যাবার জন্য প্রস্তুতি নিচ্ছেন। বেশির ভাগই ঝুঁকি নিয়ে বসবাস করছেন। কুশিয়ারা নদীর ভাঙনে শাহাপুর গ্রামের ডালিম মিয়া ও নুরুল মিয়ার বসতভিটা ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে। এতে দুই পরিবারের ১৩ সদস্য আশ্রয়হীন হয়ে পড়েছেন।

ভুক্তভোগীরা জানান, সোমবার রাতেই নদীর পাড়ে ফাটল দেখা দেয়। পরদিন দুপুর ১২টার দিকে সম্পূর্ণ ঘরসহ নদীগর্ভে তলিয়ে যায়। হঠাৎ করে ভেঙে পড়ায় তারা ঘর থেকে কোনো কিছুই সরাতে পারেননি। ঘরের আসবাবপত্রসহ সবকিছু মাটির নিচে ও পানিতে তলিয়ে গেছে। ঘরহারা বিফুলা বেগম বলেন, ঘর নদীতে পড়ে গিয়েছে। এখন থাকারও জায়গা নেই। পরিবার নিয়ে কোথায় যাই, ভেবে পাচ্ছি না। জাহিদপুর গ্রামের ঘরহারা নর্মদা দাস বলেন, “আমরার সারা ভিটা নদীতে চলে গেছে। পরিবারে ছয়জন সদস্য। সবাইরে নিয়া অন্যের বাড়িতে আছি। একেবারে সর্বহারা হয়ে গেছি।”

ওই বাড়িরই সোমা রানী দাস বলেন, “নদী আগেই জমি নিয়া গেছে। বসতভিটাটাই সম্বল। এখন ভিটাও নিয়া যায়। বাড়ি বানানোর মতো সামর্থ্যও নাই। বাড়ির পুরুষ মানুষ দিনে কামকাজ করতে বাইরে থাকেন। আমরা নারীরাই সবসময় বাড়িতে থাকি। বাইচ্চাকাইচ্চা নিয়া ঝুঁকির মধ্যে আছি। রাইতে চোখে ঘুম নাই।”
স্থানীয়রা জানান, পশ্চিম বেড়কুড়ি গ্রামের দাসপাড়ার রামানন্দ দাসের বাড়ি থেকে পূর্ব বেড়কুড়ির মঞ্জুর হোসেনের বাড়ি পর্যন্ত প্রায় দেড় থেকে দুই কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন দেখা দিয়েছে। গ্রামের শতাধিক পরিবারের ভিটেবাড়ি এখন ঝুঁকির মধ্যে। রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল সিকদার গত বুুধবার দুপুরে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ডালিম মিয়া, শহিদুল মিয়া ও জাহিদুল মিয়ার প্রত্যেককে ১০ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা করেছেন। এ সময় প্রতিটি পরিবারকে দুই বান্ডিল করে ঢেউটিন দেয়ার আশ্বাস দেন ইউএনও। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি নুরুল ইসলাম সেলন।

স্থানীয় শিমুল মিয়া ও আবদুল্লাহ বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক সহায়তার পাশাপাশি নদীভাঙন রোধে স্থায়ী উদ্যোগ জরুরি। ঝুঁকিপূর্ণ এক কিলোমিটার এলাকায় জিওব্যাগ ও ব্লক স্থাপন করে টেকসই প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করা হলে পাঁচটি গ্রামের মানুষ ভাঙনের হাত থেকে রক্ষা পাবেন। ইউএনও বিপুল সিকদার বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আপাতত আর্থিক সহায়তা দেয়া হয়েছে। আরও সরকারি সহায়তার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সংসদ সদস্য ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমন্বিত মাস্টারপ্ল্যান গ্রহণের উদ্যোগ নেয়া হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারি খাসজমিতে ঘর নির্মাণের সম্ভাবনাও বিবেচনা করা হচ্ছে।