মাত্র ১১ দিনের ব্যবধানে বিশ্বের সবচেয়ে মূল্যবান সেমিকন্ডাক্টর কোম্পানি এনভিডিয়ার নেতৃত্বে ফিরেছেন প্রধান নির্বাহী জেনসেন হুয়াং। ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিতর্ক, চীনের সঙ্গে কথিত যোগাযোগ এবং মার্কিন জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে তার বিদায় ও প্রত্যাবর্তন ঘিরে তোলপাড় হয়েছে সিলিকন ভ্যালি থেকে ওয়াশিংটন পর্যন্ত। এতে কেউ পেয়েছেন বিপুল আর্থিক লাভ, আবার কেউ পড়েছেন অস্বস্তিতে।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিপ্লবের অন্যতম মুখ জেনসেন হুয়াংয়ের প্রত্যাবর্তনে সোমবার এনভিডিয়ার শেয়ারমূল্য প্রায় ৩০ শতাংশ বেড়েছে। প্রতিষ্ঠানটির বাজারমূল্য ৩ ট্রিলিয়ন ডলারের কিছু বেশি থেকে বেড়ে প্রায় ৩.৯৮ ট্রিলিয়ন ডলারে পৌঁছায়। তবে তার প্রত্যাবর্তন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রভাব, চীনে প্রযুক্তি রপ্তানি এবং এনভিডিয়ার বিরুদ্ধে চলমান তদন্ত নিয়ে নতুন প্রশ্নও তৈরি করেছে।
আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, হুয়াংয়ের পদত্যাগের পর সিলিকন ভ্যালির প্রভাবশালী ব্যক্তিদের তদবির এবং হোয়াইট হাউসের হস্তক্ষেপের পর এনভিডিয়ার পরিচালনা পর্ষদ তাকে পুনর্বহাল করে। ৬৩ বছর বয়সী এই নির্বাহীর বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ উঠেছিল। এর মধ্যে চীনা গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে থাকা ব্যবসায়ী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে সম্পর্কের অভিযোগও ছিল। অ্যালিস এনভিডিয়ার গ্রাহক প্রতিষ্ঠান মেগাস্পিডের নির্বাহী ও নিয়ন্ত্রণকারী শেয়ারহোল্ডার। প্রতিষ্ঠানটি পরে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত হয়।
লাভবান যারা
জেনসেন হুয়াং: ১৯৮০-এর দশকে ডেনিস রেস্তোরাঁয় থালা-বাসন ধোয়ার কাজ থেকে শুরু করে ৪ ট্রিলিয়ন ডলারের প্রযুক্তি প্রতিষ্ঠানের নেতৃত্ব—প্রায় ৩৩ বছর ধরে এনভিডিয়াকে গড়ে তুলেছেন হুয়াং। তার প্রত্যাবর্তনকে সিলিকন ভ্যালিতে ‘অপরিহার্য’ ব্যক্তিত্বদের ক্ষমতার আরেকটি দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।
মেটার মার্ক জাকারবার্গ ও স্পেসএক্সের ইলন মাস্কের মতো তিনিও যেন প্রতিষ্ঠানের কাছে এতটাই গুরুত্বপূর্ণ যে তাকে সরিয়ে রাখা কঠিন।
তার বিরুদ্ধে অ্যালিস হুয়াংয়ের সঙ্গে সম্পর্কের মাধ্যমে চীনের কাছে সংবেদনশীল প্রযুক্তি পৌঁছানোর আশঙ্কা তৈরি হওয়ার অভিযোগ উঠলেও শেষ পর্যন্ত তা তাকে প্রধান নির্বাহীর পদ থেকে দূরে রাখতে পারেনি।
১১ দিন দায়িত্বের বাইরে থাকার সময় এনভিডিয়ার কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার এবং আরও কয়েকটি বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগও সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।
এনভিডিয়ার শেয়ারহোল্ডার: হুয়াংয়ের পদত্যাগের খবরের পর ১১ থেকে ২০ নভেম্বরের মধ্যে এনভিডিয়ার শেয়ারের দাম প্রায় ২৮ শতাংশ কমে যায়। ২৩ নভেম্বর তার প্রত্যাবর্তনের পর এক দিনেই কোম্পানিটির বাজারমূল্য প্রায় ৯৫৬ বিলিয়ন ডলার ফিরে আসে। এনভিডিয়ার শেয়ারহোল্ডারদের মধ্যে রয়েছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পও।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, আগস্টের শেষ দিকে তার কাছে ১ কোটি ৩০ লাখ থেকে ৬ কোটি ২০ লাখ ডলার মূল্যের এনভিডিয়া শেয়ার ছিল।
প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান: এনভিডিয়ার প্রত্যাবর্তনে লাভবান হয়েছে এআই প্রযুক্তির বৈশ্বিক সরবরাহব্যবস্থার প্রতিষ্ঠানগুলোও। তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানির (টিএসএমসি) শেয়ারের দাম মঙ্গলবার ৯.৯ শতাংশ বেড়েছে। এক দিনেই প্রতিষ্ঠানটির বাজারমূল্য বেড়েছে ১৫৮ বিলিয়ন ডলার।
এনভিডিয়ার চিপ ব্যবহার করে এআই সার্ভার তৈরি করা ফক্সকনের শেয়ারও প্রায় ১০ শতাংশ বেড়েছে। দক্ষিণ কোরিয়ার এসকে হাইনিক্স ও স্যামসাং ইলেকট্রনিকসের শেয়ার বেড়েছে যথাক্রমে ৬.৭ ও ৬.৬ শতাংশ। জাপানের অ্যাডভানটেস্টের শেয়ার বেড়েছে ১২.৫ শতাংশ।
ক্ষতিগ্রস্ত যারা
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট: ট্রাম্প হুয়াংয়ের প্রত্যাবর্তনকে সমর্থন করলেও তার প্রশাসনের সবাই একই অবস্থানে নেই। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) এনভিডিয়ার বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাচ্ছে।
অর্থমন্ত্রী স্কট বেসেন্ট অভিযোগ করেছেন, এনভিডিয়া চীনে অনিয়মিতভাবে চিপ বিক্রির মাধ্যমে আয় ও মুনাফা বাড়িয়েছে। প্রতিষ্ঠানটির বাইরে থেকে নতুন প্রধান নির্বাহী নিয়োগেরও দাবি জানিয়েছেন তিনি।
অন্যদিকে, বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের বিরুদ্ধে চীনে এনভিডিয়ার চিপ বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ বিলম্বিত করার অভিযোগ উঠেছে। তার সাবেক প্রতিষ্ঠান ক্যান্টর ফিটজেরাল্ডের আর্থিক স্বার্থ এ সিদ্ধান্তে প্রভাব ফেলেছিল কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে।
এনভিডিয়ার পরিচালনা পর্ষদ: হুয়াংয়ের পদত্যাগের পর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হার্ভি জোনস বিনিয়োগকারীদের জানিয়েছিলেন, তিনি স্বেচ্ছায় পদ ছেড়েছেন এবং তাকে পুনর্বহাল করা হবে না। কিন্তু সোমবার পর্ষদ জানায়, এনভিডিয়ার নেতৃত্ব দেওয়ার জন্য হুয়াংই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি এবং তাকে ফিরিয়ে আনা শেয়ারহোল্ডার, কর্মী, অংশীদার ও গ্রাহকদের স্বার্থে প্রয়োজনীয়।
কলাম্বিয়া বিজনেস স্কুলের অধ্যাপক শিবা রাজগোপাল আলজাজিরাকে বলেন, মেগাস্পিড ও হুয়াংয়ের সঙ্গে প্রতিষ্ঠানটির সম্পর্ক নিয়ে তদন্ত শেষ হওয়ার আগেই তাকে ফিরিয়ে আনার দায় পরিচালনা পর্ষদের।
তার মতে, এখন গ্রাহকের পরিচয় ও ব্যবসায়িক সম্পর্ক যাচাই করা (কেওয়াইসি) চিপশিল্পের পরিচালনা পর্ষদের গুরুত্বপূর্ণ দায়িত্ব হয়ে উঠেছে।
প্রতিদ্বন্দ্বী চিপ নির্মাতা: হুয়াংয়ের বিদায়ের খবরে এনভিডিয়ার প্রতিদ্বন্দ্বী এএমডি ও ব্রডকমের শেয়ারের দাম প্রায় ৬ শতাংশ বেড়েছিল। তবে তার প্রত্যাবর্তনের পর এনভিডিয়ার শেয়ার যেখানে ৩১.৫ শতাংশ বেড়েছে, সেখানে এএমডি ও ব্রডকমের শেয়ার বেড়েছে যথাক্রমে প্রায় ৭ ও ২ শতাংশ। ফলে এনভিডিয়ার প্রত্যাবর্তনে প্রতিদ্বন্দ্বীদের সম্ভাব্য সুবিধা অনেকটাই কমেছে।
চীনবিরোধী মার্কিন নীতিনির্ধারকরা: ট্রাম্প প্রশাসনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও অস্বস্তিতে পড়েছেন। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছিল, এনভিডিয়ার পরিচালনা পর্ষদ থেকে হুয়াংকে সরিয়ে দেওয়ার ঘটনাপ্রবাহের সূচনা করেছিলেন রুবিও। সোমবার তাঁর কাছে হুয়াংয়ের প্রত্যাবর্তন নিয়ে প্রশ্ন করা হলেও তিনি কোনো জবাব দেননি।
তবে হুয়াং ফিরে আসার কয়েক ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র মেগাস্পিডসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার সাতটি প্রতিষ্ঠানকে বাণিজ্যিক নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করে। মার্কিন বাণিজ্য বিভাগের ব্যুরো অব ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটি জানায়, প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত।
সব মিলিয়ে হুয়াংয়ের প্রত্যাবর্তন শুধু এনভিডিয়ার নেতৃত্বে পরিবর্তন নয়; বরং এআই প্রযুক্তি, বৈশ্বিক চিপ সরবরাহব্যবস্থা এবং যুক্তরাষ্ট্র-চীন প্রতিদ্বন্দ্বিতার ওপরও এর বড় প্রভাব পড়তে পারে।
