মালয়েশিয়া থেকে ৬ হাজার ৫০০ জনেরও বেশি রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে ফেরত পাঠানোর ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আগামী ডিসেম্বর মাসে নৌযান ও বিমানে করে কয়েক দফায় তাদের ফেরত পাঠানো হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) মালয়েশিয়ার পার্লামেন্টে দেয়া বক্তব্যে আনোয়ার ইব্রাহিম এ ঘোষণা দিয়েছেন। এর মাত্র পাঁচ দিন আগে নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রায় দেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রোহিঙ্গা সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে।
আনোয়ার জানান, আগামী ৬ ও ৭ ডিসেম্বর মালয়েশিয়ার নৌবাহিনীর তিনটি জাহাজে করে মিয়ানমারের ১ হাজার ৫০০ নাগরিককে ফেরত পাঠানো হবে। এ ছাড়া ডিসেম্বর মাসে আরও ৫ হাজার ৩০৩ জনকে বিমানে করে মিয়ানমারে পাঠানো হবে। এর ব্যয় বহন করবে মিয়ানমার সরকার।
ঐতিহাসিকভাবে মিয়ানমার থেকে পালিয়ে আসা মানুষের জন্য আশ্রয়স্থল হিসেবে পরিচিত মালয়েশিয়া। তবে সাম্প্রতিক সময়ে বিপুলসংখ্যক শরণার্থীর উপস্থিতি নিয়ে দেশটির সরকারের মধ্যে অসন্তোষ বেড়েছে।
মালয়েশিয়ার দাবি, শরণার্থীদের আশ্রয় দেয়া দেশটির জন্য আর্থিক বোঝা ও নিরাপত্তাঝুঁকি তৈরি করছে।
গত আগস্ট পর্যন্ত মালয়েশিয়ায় জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের নিবন্ধিত শরণার্থী ও আশ্রয়প্রার্থীর সংখ্যা ছিল ২ লাখ ২৫ হাজার ৭৪০।
সংস্থাটির তথ্য অনুযায়ী, তাদের প্রায় ৯০ শতাংশই মিয়ানমার থেকে আসা।
গত সেপ্টেম্বরের শেষ দিকে প্রায় ১ হাজার ৫০০ অভিবাসীকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছিল। তবে কী প্রক্রিয়ায় তাদের ফেরত পাঠানো হয়েছে, তা স্পষ্ট ছিল না। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছিল মানবাধিকার সংগঠনগুলো।
ফেরত পাঠানো নিয়ে উদ্বেগ
জাতিসংঘের সর্বোচ্চ আদালত আইসিজে গত সপ্তাহে দেয়া রায়ে মিয়ানমার কর্তৃপক্ষকে বাস্তুচ্যুত শরণার্থীদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের সুযোগ করে দেয়ার নির্দেশ দেন। মিয়ানমারের ভেতরে কিংবা দেশের বাইরে আশ্রয় নেয়া মানুষের ক্ষেত্রে এ নির্দেশ প্রযোজ্য।
গত মাসে মিয়ানমারের সাবেক সামরিক জান্তাপ্রধান ও বর্তমান প্রেসিডেন্ট মিন অং হ্লাইংকে আতিথ্য দিয়েছিল মালয়েশিয়া। মানবাধিকার সংগঠনগুলো এ নিয়ে সমালোচনা করে বলেছিল, এমন পদক্ষেপ মিয়ানমার সরকারকে বৈধতা দেয়ার ঝুঁকি তৈরি করতে পারে। একই সঙ্গে যাদের ফেরত পাঠানো হচ্ছে, তাদের নিরাপত্তাও বিপন্ন হতে পারে।
আনোয়ার ইব্রাহিম বলেন, মিয়ানমারের সাবেক নেতার সঙ্গে মালয়েশিয়ার যোগাযোগ ছিল দেশের স্বার্থ সুরক্ষার প্রচেষ্টার অংশ। পাশাপাশি এটি আইসিজের রায়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তার ভাষায়, ওই রায়ের লক্ষ্য হলো নিপীড়নের শিকার হয়ে পালিয়ে যাওয়া মানুষের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করা।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী স্বীকার করেন, দেশটিতে আশ্রয় নেয়া অনেক মানুষই মিয়ানমার সরকারের চালানো নৃশংসতার শিকার। তবে তার বক্তব্য, শরণার্থীদের আশ্রয় দেয়ার আর্থিক সক্ষমতা মালয়েশিয়ার নেই। তৃতীয় কোনো দেশে তাদের পুনর্বাসনের আশায় অপেক্ষা করেও প্রত্যাশিত ফল পাওয়া যায়নি।
গত মাসের শেষ দিকে মালয়েশিয়া জানায়, সম্প্রতি ফেরত পাঠানো কয়েক শ অভিবাসীকে মিয়ানমারে সামরিক হেফাজতে আটকে রাখার খবরের বিষয়ে দেশটির সরকারের কাছে ব্যাখ্যা চাইবে তারা। মঙ্গলবারের বক্তব্যে আনোয়ার এ বিষয়ে সরাসরি কিছু বলেননি। তবে রোহিঙ্গাসহ মিয়ানমারের অন্যান্য জাতিগোষ্ঠীর পরিস্থিতি নিয়ে মালয়েশিয়ার উদ্বেগের কথা আবারও তুলে ধরেন। আইসিজের রায়েও এসব উদ্বেগের প্রতিফলন রয়েছে বলে জানান তিনি।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, মালয়েশিয়ায় থাকা মিয়ানমারের ১ লাখ ৯০ হাজার শরণার্থী ও আশ্রয়প্রার্থীর প্রায় দুই-তৃতীয়াংশ রোহিঙ্গা। প্রধানত মুসলিম এই জনগোষ্ঠীকে বিশ্বের সবচেয়ে নিপীড়িত সংখ্যালঘু জনগোষ্ঠীগুলোর একটি হিসেবে বর্ণনা করা হয়।
তবে আইসিজের রায়ে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের যে শর্তের কথা বলা হয়েছে, তা বাস্তবে কীভাবে নিশ্চিত করা হবে—মালয়েশিয়ার এই নতুন প্রত্যাবাসন উদ্যোগের পর সেই প্রশ্নই সামনে এসেছে।
